'দেখে যাও, আমার ছেলেকে হত্যা করেছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের প্যারাভাঙ্গা এলাকায় মাহাথির নামের দেড় বছরের এক শিশুকে মা গলা কেটে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ছেলেকে হত্যা করে মা চিৎকার করে বলছিলেন, ‘দেখে যাও, আমার ছেলেকে হত্যা করেছি।’ 

পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করেছে। আর মা সালমা বেগমকে আটক করে থানায় নিয়ে যায়। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার টামনি আকন্দপাড়া গ্রামের দম্পতি আবুল কালাম ও সালমা বেগমের চার সন্তানের মধ্যে সবার ছোট মাহাথির। ১৫ দিন আগে সালমা আক্তার ছেলেকে নিয়ে বাবার বাড়ি প্যারাভাঙ্গা গ্রামে যান। আজ বেলা সাড়ে ১১টার দিকে শিশুটিকে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শী ও পরিবারের অভিযোগের ভিত্তিতে এ হত্যায় জড়িত অভিযোগে মা সালমাকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, সালমা তাঁর শিশুকে হত্যার পর চিৎকার করে বলছিলেন সেই হত্যার কথা। পরে পুলিশে খবর দেওয়া হয়। সালমাকে আটক করে নিয়ে যায় পুলিশ।
আবুল কালাম বলেন, সালমা মানসিক রোগে আক্রান্ত। এর আগেও শিশুটিকে পুকুরে ফেলে হত্যা করার চেষ্টা করেছিলেন তিনি।
কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন খান সাংবাদিকদের বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পুলিশের কাছে প্রাথমিকভাবে শিশুসন্তান হত্যার কথা স্বীকার করেছেন মা। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।