'দেড় হাজার টাকায় বোমা মারতে রাজি হই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেড় হাজার টাকার চুক্তিতে প্রতিবেশী হায়দার আলীর বাড়িতে বোমা মারতে রাজি হয়েছিলেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দলকা-লক্ষ্মীপুর গ্রামের ইমরান হোসেন (২০)। এর আগেই গতকাল রোববার বেলা ১১টায় নিজ গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে চারটি তাজা বোমাসহ পুলিশের হাতে ধরা পড়ে যান। এরপর তিনি সাংবাদিকদের কাছে এ স্বীকারোক্তি দেন।
গ্রেপ্তার হওয়ার আগে শুক্রবার রাতে একটি বোমার বিস্ফোরণে ইমরানের দুই হাত, দুই ঊরু ও পেট ঝলসে যায়। এরপর তিনি আত্মগোপনে চলে যান। তবে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর তাঁর সহযোগীদের নাম প্রকাশসহ সবকিছুই অকপটে স্বীকার করেছেন ইমরান। স্বীকারোক্তি অনুযায়ী, গতকাল বিকেলে তাঁর সহযোগী দলকা-লক্ষ্মীপুর গ্রামের আবদুল কুদ্দুসকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের উপস্থিতিতে ইমরান জানান, দলকা-লক্ষ্মীপুরের আরিফ, আবদুল কুদ্দুস, আবুল বাশার ও আশাবুল হক, রামনগরের রনি ও গোপালপুরের বাবু এলাকায় সন্ত্রাসী দল গঠন করে দীর্ঘদিন ধরে মানুষের কাছে চাঁদা দাবি করে আসছেন। কেউ চাঁদা না দিলে তার বাড়িতে বোমা হামলা চালানো হতো। সম্প্রতি দলটি দলকা-লক্ষ্মীপুর গ্রামের হায়দার আলীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। হায়দার আলী চাঁদা দিতে রাজি না হওয়ায় তাঁর বাড়িতে বোমা হামলা চালানোর ষড়যন্ত্র করা হয়।
এ জন্য তাঁর (ইমরান) কাছে শুক্রবার বিকেলে লাল টেপে মোড়ানো পাঁচটি তাজা বোমা দেওয়া হয়। কৌতূহলবশত তিনি ওই রাতে একটি বোমা খুলে দেখতে গেলে তা বিস্ফোরিত হয় এবং তাঁর দুই হাত, দুই ঊরু, পেটসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।
ইমরান আরও জানান, রোববার রাতে হায়দার আলীর বাড়িতে বোমা হামলা চালানোর কথা ছিল। সেখানে বোমা মারতে পারলে সন্ত্রাসী দলের সদস্যরা তাঁকে দেড় হাজার টাকা দিত।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, ইমরান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে দামুড়হুদা থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। ওসি আরও জানান, ইমরানের দেওয়া তথ্য অনুযায়ী আবদুল কুদ্দুস ওরফে কুদ্দুস ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর সহযোগীদের ধরতে অভিযান চালানো হচ্ছে।