'দেরি করায়' ফায়ার সার্ভিসের কর্মীদের ওপর হামলা, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগুন নেভাতে গিয়ে চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় স্থানীয় ব্যবসায়ী ও আশপাশের লোকজনের হামলার শিকার হয়েছেন ফায়ার সার্ভিসের সাত কর্মী। এ সময় ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ও একটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, খবর দেওয়ার পরও ফায়ার সার্ভিসের কর্মীরা দেরি করে আগুন নেভাতে আসায় ক্ষুব্ধ লোকজন এই হামলা চালান।

গতকাল রোববার দুপুরে জিইসি মোড়ের সেন্ট্রাল প্লাজা ও সেন্ট্রাল শপিং কমপ্লেক্স বিপণিবিতানের সামনের সড়কে একটি বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে গেলে হামলার এ ঘটনা ঘটে।

ব্যবসায়ীরা বলেন, দুপুর সাড়ে ১২টায় বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমারে আগুন ধরে যায়। খুঁটি থেকে দুটি মার্কেটের (বিপণিবিতান দুটি পাশাপাশি) দূরত্ব পাঁচ ফুটেরও কম। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়। কিন্তু পানির গাড়ি নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আসেন বেলা ১টার পর। ততক্ষণে দুটি মার্কেটের ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। আগুনে মার্কেটের কোনো ক্ষতি হয়নি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন লাগার খবর পেয়ে নগরের আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে পানিবাহী একটি গাড়ি ও একটি মোটরসাইকেল যায়। যানজটের কারণে ফায়ার সার্ভিসের কর্মীদের ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়। বেলা ১টার কিছু পর তাঁরা ঘটনাস্থলে পৌঁছালে মার্কেটের দোকানি ও স্থানীয় লোকজন দেরিতে আসার অভিযোগ এনে গাড়িটিতে ভাঙচুর চালান। এ সময় ব্যবসায়ীদের ছোড়া ইটের আঘাতে আহত হন কয়েকজন কর্মী। কিছুক্ষণ পর চন্দনপুরা ফায়ার স্টেশন থেকে আরেকটি পানির গাড়ি ঘটনাস্থলে পৌঁছালে সেটিও আক্রান্ত হয়। এই গাড়ি ও ফায়ার সার্ভিসের কর্মীদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন ব্যবসায়ীরা। দুটি ঘটনায় সাত কর্মী আহত হন। তাঁরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগের উপপরিচালক আবদুস সাত্তার মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘সড়কে যানজট ছিল। আমরা তো আর উড়ে যেতে পারব না। আমাদের কাছে খবরও পৌঁছে দেরিতে। নিয়ন্ত্রণ কক্ষের রেকর্ড অনুযায়ী, আগুন লাগার খবর পৌঁছায় ১২টা ৫০ মিনিটে। সঙ্গে সঙ্গে

আমরা রওনা দেই। কিন্তু আমাদের দুটি গাড়ি ও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আহত হয় সাত কর্মী।’

এ বিষয়ে সেন্ট্রাল প্লাজার ব্যবসায়ী মো. ইউসুফ বলেন, সাড়ে ১২টার দিকে আগুন লাগে। কিন্তু ফায়ার সার্ভিস আসে ১টার পর। তাই উত্তেজিত লোকজন তাঁদের ওপর হামলা করেন।

ফায়ার সার্ভিসের ওপর হামলার কারণ কী, জানতে চাইলে সেন্ট্রাল প্লাজা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, ব্যবসায়ীরা নন, অন্য কোনো লোকজন এটা করতে পারেন। তিনি বলেন, বৈদ্যুতিক খুঁটিগুলো হাজার রকম তারে মোড়ানো। এ জন্য এখানে বারবার আগুনের ঘটনা ঘটছে। এর আগে গত বছর রোজার সময়ও একবার আগুন লাগে।

ট্রান্সফরমারে আগুন ধরার সঙ্গে সঙ্গে মার্কেট দুটি বন্ধ করে দেওয়া হয়। প্রায় দুই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে মার্কেট চালু হয়। এ ছাড়া আগুন ধরার পর জিইসি-গোলপাহাড়মুখী সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। দেড় ঘণ্টা পর যান চলাচল শুরু হয়।

গতকাল বেলা ১টা ২০ মিনিটে জিইসি মোড়ে গিয়ে দেখা যায়, দুই মার্কেটের ব্যবসায়ীরা কার্বন ডাই-অক্সাইড গ্যাসের সিলিন্ডার নিয়ে খুঁটির আগুন নেভাতে ব্যস্ত। অবশ্য তখন ট্রান্সফরমারে আগুন জ্বলছিল না। কেবল ধোঁয়া বের হচ্ছিল। বিদ্যুতের ওই খুঁটিটি টেলিফোনের তার, ডিশ অ্যানটেনার তারসহ বিভিন্ন তারে মোড়ানো। ফায়ার সার্ভিসের গাড়ি তখন সেখানে ছিল না।

আগুনে পুড়ল দোকান ও গুদাম

এদিকে চট্টগ্রাম নগরের আকবর শাহ এলাকায় আগুনে একটি ঝুটের গুদাম ও কাঁচা বসতঘর পুড়ে গেছে। গত শনিবার রাত পৌনে ১২টার দিকে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ২টার দিকে আগুন নেভাতে সক্ষম হন।