'দেশে এসে নিরাপদে বাড়িও ফিরতে পারছি না'
তাঁরা প্রবাসে থাকেন। দেশে এসে মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন। পথে দুর্বৃত্তদের ছোড়া ঢিলে গাড়ির জানালার কাঁচ ভেঙে তাঁরা আহত হন। বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা অবরোধ কর্মসূচির পঞ্চম দিন গত শনিবার রাতে মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের নবীন চন্দ্র উচ্চবিদ্যালয় চৌমোহনা মোড়ে ঘটনাটি ঘটে।
আহত ব্যক্তিরা হলেন কুলাউড়া শহরের উত্তর কুলাউড়া এলাকার বাসিন্দা যুক্তরাজ্যপ্রবাসী নাসিমা রহমান (৪৫), তাঁর বড় বোনের মেয়ে যুক্তরাষ্ট্রপ্রবাসী তাসমিন বেগম (২৬) ও মাইক্রোবাসের চালক বাহার উদ্দিন (২৫)। তাঁদের মাথা ও হাতের একাধিক স্থানে জখম হয়। স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তাঁরা।
আহত যাত্রীদের ভাষ্য অনুযায়ী, নাসিমা ও তাঁর বড় বোন নাজমা বেগম সপরিবারে বিদেশ থেকে শনিবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে সেখান থেকে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সিলেট ওসমানী বিমানবন্দরে আসেন। সিলেট থেকে মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন তাঁরা। রাত ১০টার দিকে নবীন চন্দ্র উচ্চবিদ্যালয় চৌমোহনা মোড়ে পৌঁছালে আকস্মিকভাবে ছোড়া কয়েকটি ঢিল গাড়ির জানালায় লাগে।
নাসিমা রহমান এ প্রতিবেদককে বলেন, ‘দেশে এসে নিরাপদে বাড়িও ফিরতে পারছি না। আমার সন্তানেরা প্রচন্ড ভয় পেয়েছে। এর চেয়ে দুঃখ-কষ্টের আর কী হতে পারে?’
কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) রাজীব চন্দ্র দে প্রথম আলোকে বলেন, অবরোধকারীরা এই ঘটনাটি ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়া হয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।