'ধর, ধর...' বলেই ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে ‘ধর ধর’ বলে একদল যুবকের অতর্কিত হামলায় মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল আলিম তুষার ছুরিকাহত হয়েছেন। এ সময় তাঁর সঙ্গে থাকা ছাত্রলীগের এক কর্মীও আহত হন। দুজনকে আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে নগরের সুবিদবাজার এলাকায় একটি রেস্তোরাঁর সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সুবিদবাজার এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়কের পাশে তারাদিন রেস্টুরেন্টের সামনে অবস্থানকালে তুষারের ওপর অতর্কিত হামলা হয়। ১০-১২ জনের একদল যুবক হঠাৎ ‘ধর ধর...’ বলে তুষারের ওপর আক্রমণ করে ছুরি দিয়ে ঘাড়ের এক দিকে আঘাত করে পালায়। এ সময় তুষারের সঙ্গে থাকা পলাশ নামে ছাত্রলীগের একজন কর্মীকে মারধর করে চলে যায় যুবকেরা।
খবর পেয়ে ছাত্রলীগের কয়েকজন কর্মী আহত অবস্থায় ওই দুজনকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক প্রথম আলোকে জানান, ছাত্রলীগ নেতার ঘাড়ের একাংশে ছুরির আঘাত ও জখম রয়েছে। অন্যজনের শরীরে মারধরের জখম পাওয়া গেছে। দুজনকে ভর্তি করা হয়েছে।

নগর ছাত্রলীগের সভাপতি আবদুল বাছিত রুম্মান হামলার ঘটনায় সাংবাদিকদের বলেন, কোনো দুর্বৃত্ত নয়, জাতীয়তাবাদী ছাত্রদলের স্থানীয় একটি সন্ত্রাসী দল তুষারের ওপর পরিকল্পিতভাবে হামলা করেছে। খবর পেয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা সন্ত্রাসীদের ধাওয়া করে এলাকাছাড়া করে দিয়েছেন।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহাম্মদ বলেন, হামলাকারীদের শনাক্ত করতে পুলিশের একটি দল ঘটনাস্থলে অবস্থান করছে।