সোনা চোরাচালান মামলায় নাম আসার পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ডেপুটি চিফ অব ট্রেনিং পদ থেকে পদত্যাগ করেছেন ক্যাপ্টেন শামীম নজরুল। তিনি বিমানের চেয়ারম্যানের কথিত ধর্মপুত্র মাহমুদুল হক ওরফে পলাশের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সূত্র জানিয়েছে, সোনা চোরাচালান মামলায় দোষ স্বীকার করে আদালতে দেওয়া জবানবন্দিতে পলাশ সহযোগী হিসেবে শামীমের নামও বলেছেন।
বিমানের পরিচালক (প্রশাসন) রাজপতি সরকার গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, শামীম নজরুলের পদত্যাগপত্র গত বৃহস্পতিবার তিনি পেয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশিক্ষণ শাখাকে বলেছেন। এটা কার্যকর হলেও শামীম বৈমানিকের চাকরিতে বহাল থাকবেন।
গত ১৯ নভেম্বর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সোনা চোরাচালানে জড়িত অভিযোগে বিমানের উপমহাব্যবস্থাপক এমদাদ হোসেন, প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং শাখার প্রধান ক্যাপ্টেন আবু মোহাম্মদ আসলাম শহীদ, শিডিউল ম্যানেজার তোজাম্মেল হোসেন, পলাশসহ পাঁচজনকে গ্রেপ্তার করে ডিবি। তাঁরা ২৪ নভেম্বর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
ডিবি সূত্র জানায়, ওই পাঁচজনের মধ্যে পলাশ চোরাচালান চক্রের অন্যতম প্রধান। তিনি নিজেকে বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জামাল উদ্দিনের ধর্মপুত্র পরিচয় দিতেন। তাঁর জবানবন্দিতে সোনা চোরাচালানে সহায়তাকারী হিসেবে শামীম নজরুল ও বিমানের ফ্লাইট পরিচালন শাখার সাবেক একজন পরিচালকের (ডিএফও) নামও বলেছেন।
বিমানের একাধিক কর্মকর্তা জানান, শামীম নজরুলও বিমানের চেয়ারম্যানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। পলাশসহ পাঁচজনকে গ্রেপ্তারের সময় শামীম নজরুল দেশে ছিলেন না। তখন তাঁকে গ্রেপ্তারের জন্য ডিবি খুঁজছিল। তিনি সম্প্রতি দেশে ফিরে বিমানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে নির্বাহী পদ থেকে পদত্যাগপত্র জমা দেন।
রাজপতি সরকার বলেন, শামীম নজরুল পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন।
এ ব্যাপারে বক্তব্য জানতে চেষ্টা করেও শামীম নজরুলকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোন বন্ধ রয়েছে।
শুল্ক বিভাগের করা সোনা চোরাচালানের ওই মামলা তদন্ত করছে ডিবি। ডিবির উপকমিশনার শেখ নাজমুল আলম বলেন, আসামিদের জবানবন্দিতে শামীম নজরুল ও সাবেক ডিএফও ক্যাপ্টেন ইশরাতের নাম এসেছে। তাঁদের বিরুদ্ধে আরও তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।