'ধর্ষণের শিকার নারীরা বিচার পান না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণের শিকার নারীরা বিচার পাচ্ছেন না। এ নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার সমালোচনা করা হয়। বাংলাদেশ, ভারত ও শ্রীলংকার আইনজীবী ও মানবাধিকারকর্মীরা আজ রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন।

ওই অনুষ্ঠানে ভারতের সুপ্রিম কোর্টের আইনজীবী ভৃন্দা গ্রোভার বলেন, দিল্লিতে চলন্ত বাসে ধর্ষণের ঘটনার পর দেশটির সরকার সাবেক বিচারপতি জে এস ভার্মাকে প্রধান করে একটি কমিটি গঠন করেছিল। কমিটির সুপারিশগুলোর বাস্তবায়ন হচ্ছে এখন। নারীরা আগে ধর্ষণের শিকার হয়ে চুপ করে থাকতেন। এখন বাইরে বেরিয়ে আসছেন।
ভৃন্দা আরও জানান, ধর্ষণের শিকার নারীর মামলা করতে অসুবিধা হলে পুলিশকে এবং শারীরিক পরীক্ষা করাতে অসুবিধা হলে চিকিৎসক কে দায়ী করার সুপারিশ করা হয়েছে। এর একটি ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। তিনি জানান, ভারতে সীমান্ত এলাকায় নিয়মিত নজরদারি বাড়ানোর কথা বলেছে ভার্মা কমিশন।
শ্রীলঙ্কার ইন্টারন্যাশনাল সেন্টার ফর এথনিক স্টাডিজের গবেষণা সহযোগী চুলানি কোডিকারা বলেন, শ্রীলঙ্কায় বছরে দু’হাজার ধর্ষণের মামলা হয়েছে, একটি বা দুটি মামলার রায় হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানুও বিচারে দীর্ঘসূত্রতার প্রসঙ্গ তোলেন।
ভারতের ভৃন্দা গ্রোভার বলেন, ভারতে অভিযোগপত্র দেওয়ার দুই মাসের মধ্যে বিচার শেষ করার কথা বলা আছে। কিন্তু বাস্তবে সময় লাগছে অনেক বেশি।
আলোচকেরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার সমালোচনা করেন। বাংলা নববর্ষে যৌন হয়রানির ঘটনা নিয়ে পুলিশের অবস্থানের সমালোচনা করেন তাঁরা। শ্রীলঙ্কার চুলানি কোডিকারা জানান, দেশটিতে পুলিশি হেফাজতে তিন নারী ধর্ষণের শিকার হয়েছেন।
এদিকে নারীপক্ষের সদস্য কামরুন্নাহার বলেন, বাংলাদেশে ধর্ষণের শিকার নারীর ৪০টি জেলা ও ২০টি উপজেলা হাসপাতালে সেবা পাওয়ার কথা থাকলেও সব সময় তাঁরা সেবা পাননি। ব্লাস্টের ট্রাস্টি ফজলুল হক এ ধরনের আলোচনায় পুরুষদের সম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ দেন।