'ধর্ষণের' শিকার স্কুলছাত্রীর আত্মহত্যা
কুড়িগ্রামে ‘ধর্ষণের’ শিকার ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। লাঞ্ছনা-গঞ্জনা সইতে না পেরে সে গত রোববার রাতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় সাতজনকে আসামি করে আত্মহত্যায় প্ররোচনার মামলা করেছেন।
এজাহার ও পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, কুড়িগ্রাম শহরের একটি উচ্চবিদ্যালয়ের ওই ছাত্রীকে (১২) প্রায় তিন মাস আগে কৌশলে একটি বাড়িতে ডেকে নিয়ে তার এক চাচাতো ভাই (২২) ধর্ষণ করেন। মেয়েটি বাড়ি ফিরে পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি জানায়। পরে তার পরিবারের সদস্যরা ওই তরুণের পরিবারকে জানান। তখন ওই পরিবারের পক্ষ থেকে বিষয়টি চেপে যেতে বলা হয়। ছাত্রীটি বড় হলে ওই তরুণের সঙ্গে বিয়ে দেওয়া হবে বলে প্রতিশ্রুতিও দেওয়া হয়। কিন্তু পরে ছাত্রীর অন্তঃসত্ত্বা হয়ে পড়ার বিষয়টি নিশ্চিত হলে তরুণ এ ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জেরে রোববার বিকেলে ওই তরুণের এক আত্মীয়া ছাত্রীটিকে গালাগাল করেন। মেয়েটি এ অপমান সহ্য করতে না পেরে পরে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
খবর পরে পুলিশ রাতেই লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে জানতে চাইলে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দিন বলেন, ওই তরুণের এক ভাবিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিরা পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।