'নব্য জেএমবির অর্থ সরবরাহকারী' গ্রেপ্তার

জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগে তানভির ইয়াসিন করিম (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বিভিন্ন সময় সংগঠনের (নব্য জেএমবি) জন্য অর্থ সরবরাহ করতেন বলে ডিএমপি নিউজে বলা হয়।
গতকাল রোববার রাত সাড়ে নয়টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিট, পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখা, এসবি ও বগুড়া জেলা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে রাজধানীর গুলশানের আজাদ মসজিদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
ডিএমপির ওয়েব পোর্টাল ডিএমপি নিউজ থেকে জানা যায়, তানভির পান্থপথ হোটেল ওলিও ইন্টারন্যাশনালে বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িত। তার ছদ্মনাম হিটম্যান। গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে জঙ্গি হামলার পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু পুলিশের ‘আগস্ট বাইট’ অভিযান সেই পরিকল্পনা নস্যাৎ করে দেয়। ওই ঘটনায় হোটেল ওলিও ইন্টারন্যাশনালে আত্মঘাতী হয়ে খুলনার ডুমুরিয়া থানার নোয়াকাটি গ্রামের জঙ্গি সাইফুল ইসলাম মারা যায়। এ ঘটনায় পরদিন ১৬ আগস্ট কলাবাগান থানায় একটি মামলা হয়।
মামলার তদন্তকালে জানা যায়, নব্য জেএমবি’র শীর্ষ দুই নেতা তানভির ইয়াসিন করিম ও পলাতক আকরাম হোসেন খান নিলয় এই হামলার মূল পরিকল্পনাকারী।
তদন্তে আরও জানা যায়, তানভির ইয়াসিন করিম বিভিন্ন সময় সংগঠনের জন্য অর্থ সরবরাহ করতেন। অর্থ দাতাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে হামলার পরিকল্পনাকারী আকরাম হোসেন খান নিলয়কে টাকা দেন তিনি। জঙ্গি কার্যক্রমে অর্থ সরবরাহ করার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছেন তানভির।