'নব্য জেএমবি' সন্দেহে দুই দম্পতি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে নব্য জেএমবির সদস্য সন্দেহে দুই দম্পতিকে আটক করেছে র‍্যাব l ছবি: র‍্যাবের সৌজন্যে
ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে নব্য জেএমবির সদস্য সন্দেহে দুই দম্পতিকে আটক করেছে র‍্যাব l ছবি: র‍্যাবের সৌজন্যে

ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে ‘নব্য জেএমবি’ সন্দেহে দুই দম্পতিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‍্যাব বলেছে, আটক করা মারজিয়া আক্তার সুমি (১৯), তাঁর স্বামী শরিফুল ইসলাম ওরফে সুলতান মাহমুদ ওরফে মাহমুদ (১৮) এবং নাহিদা সুলতানা (৩০) ও তাঁর স্বামী আমিনুল ইসলাম (৩৪) জঙ্গি সংগঠন নব্য জেএমবির সদস্য। তাঁরা প্রশিক্ষণ নিতে পাকিস্তান যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

শেরেবাংলা নগরে র‍্যাব-২-এর কার্যালয়ে গতকাল বুধবার সংবাদ সম্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান এসব কথা বলেন। তিনি বলেন, নব্য জেএমবির বেশ কয়েকজন সদস্য জিহাদের প্রস্তুতি নিচ্ছেন এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-২-এর একটি দল গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফার্মগেটে একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে মারজিয়া, তাঁর স্বামী শরিফুল এবং আমিনুলকে আটক করে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত তিনটার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে নাহিদা সুলতানাকে (৩০) আটক করা হয়। তাঁদের কাছ থেকে জিহাদি বই, লিফলেট, সিডি ও মুঠোফোন উদ্ধার করা হয়েছে।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, আটক মারজিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছেন, ফেসবুকের মাধ্যমে তিনি নব্য জেএমবির সঙ্গে যুক্ত হন। এরপর নব্য জেএমবির থ্রিমা ও টেলিগ্রাম গ্রুপের সঙ্গে যুক্ত হন। এই গ্রুপের কাজ হলো বাছাইকৃত সদস্যদের দেশে একটি করে অভিযানের দায়িত্ব দেওয়া এবং অভিযান সফল হলে বিদেশে নিরাপদ স্থানে পাঠানোর ব্যবস্থা করা। এই গ্রুপ থেকেই আফিফ, কাইফ, জাইশান, মফিজসহ আরও অনেকের সঙ্গে তাঁর কথা হয়। এভাবে তিনি জঙ্গিবাদে জড়িয়ে পড়েন। এরপর তিনি গত ২০ আগস্ট পাবনার সুজানগরের বাড়ি থেকে পালিয়ে যান। পরে সংগঠনের সিদ্ধান্তে শরিফুলের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁরা দেশ ছাড়ার পরিকল্পনা করছিলেন।

র‍্যাবের কর্মকর্তা মুফতি মাহমুদ বলেন, জিজ্ঞাসাবাদে শরিফুলও নিজেকে নব্য জেএমবির সক্রিয় সদস্য বলে জানিয়েছেন। তিনি হিজরত করতে সদস্য সংগ্রহ করতেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়াতে তাঁরা দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। র‍্যাবের জিজ্ঞাসাবাদে আমিনুল বলেছেন, তিনি ও তাঁর স্ত্রী নাহিদা নব্য জেএমবির সক্রিয় সদস্য। তিনি সংগঠনের শীর্ষস্থানীয় নেতাদের নির্দেশে অপারেশনাল কর্মকাণ্ডের জন্য লোক সংগ্রহ করতেন। দুই সন্তানের বাবা আমিনুল সংগঠনের সিদ্ধান্তে দ্বিতীয় স্ত্রী হিসেবে নাহিদাকে বিয়ে করেন এবং দেশ ছাড়ার পরিকল্পনা করছিলেন। নাহিদা জিজ্ঞাসাবাদে বলেন, তিনি ফেসবুকের মাধ্যমে জঙ্গি কার্যক্রমে যুক্ত হন। পরে দাওলাতুল ইসলাম অ্যাপস ব্যবহার করতেন। সাংগঠনিক সিদ্ধান্তে তিনি ২২ মে আমিনুলকে বিয়ে করেন।

র‍্যাব বলেছে, শরিফুলের গ্রামের বাড়ি জামালপুরের মেলান্দহে, আমিনুলের বাড়ি শেরপুরের নালিতাবাড়ীতে এবং নাহিদার বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লায়।

মুফতি মাহমুদ খান বলেন, দেশে নব্য জেএমবির চার-পাঁচ সদস্যের কয়েকটি গ্রুপ সক্রিয় রয়েছে। তারা হত্যাসহ আত্মঘাতী হামলার পরিকল্পনা করছে।