'নব্য জেএমবি'র ৫ জন রিমান্ডে
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ‘নব্য জেএমবি’র পাঁচজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ ঢাকার মহানগর হাকিম দেলোয়ার হোসেন এ আদেশ দেন।
ওই পাঁচজন হলেন ওয়ালিউজ্জামান, আনোয়ারুল আলম, আবদুল কাশেম, মহাসিন ও সালেহ আহম্মেদ।
মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের এএসপি রেজাউল করিম এ আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। তাতে বলা হয়, আসামিরা নব্য জেএমবির সদস্য। তাঁদের কাছে জিহাদি বই পাওয়া গেছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য এই আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্র নিশ্চিত করেছে, আসামি ওয়ালিউজ্জামান ও আনোয়ার বুয়েট থেকে পাস করেছেন। ওয়ালিউজ্জামান তাঁর জামিন আবেদনে বলেছেন, তিনি বুয়েট থেকে ২০১১ সালে পাস করেছেন। এর আগে এই আসামিরা দুই দিনের পুলিশ রিমান্ডে ছিলেন।
কোতোয়ালি থানার একটি মামলায় গত ২১ মার্চ তাঁদের গ্রেপ্তার করা হয়। এ মামলায় মোট ১০ জন আসামি গ্রেপ্তার হয়েছে।