
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও অনলাইন অ্যাকটিভিস্ট নাজিম উদ্দিন সামাদ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রশিদুন নবী ভূঁইয়া ওরফে টিপু (৩০) নামের একজনকে ঢাকায় গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। আর রশিদুনের পরিবার দাবি করছে, তাঁকে পাঁচ মাস আগে কুমিল্লা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয়। নাজিম উদ্দিন হত্যাকাণ্ডের সময় রশিদুন বাড়িতে ছিলেন বলেও পরিবারের দাবি।
আজ সোমবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে দাবি করেন, গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে রশিদুনকে গ্রেপ্তার করা হয়। কাউন্টার টেররিজম ইউনিট ও মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ) যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। রশিদুন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রশিদুন জানিয়েছেন যে তিনিসহ দুজন নাজিম উদ্দিনকে কোপান। রশিদুনের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোটে, বাবার নাম আবদুল বারী ভূঁইয়া।
রশিদুনের বাবা ও নাঙ্গলকোট পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল বারী ভূঁইয়ার দাবি, তাঁর ছেলে ধর্মভীরু ছিল। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত। কোনো অন্যায় কাজের সঙ্গে সে জড়িত ছিল না। আর যদি সে জঙ্গিবাদের সঙ্গে জড়িত থাকে, তবে তিনি তাঁর শাস্তি চান।
রশিদুনের চাচা নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক (সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি) ও নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছাদেক হোসেন ভূঁইয়ার দাবি, গত ১৯ মে রাতের বেলায় নাঙ্গলকোট পৌরসভার বেতাগাঁও এলাকার বাড়ি থেকে রশিদুনকে তুলে নেওয়া হয়। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে পুলিশ তা নেয়নি। জগন্নাথের ছাত্রটি হত্যার ঘটনার সময় তাঁর ভাতিজা বাড়িতে ছিল বলে তিনি দাবি করেন।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১০ সালে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার তৃপ্তি শর্মা নামের এক মেয়েকে ধর্মান্তরিত করে বিয়ে করেন রশিদুন। বিয়ের পর তাঁরা কিছুদিন চট্টগ্রাম ও ফেনীতে ছিলেন। তাঁর স্ত্রীর বর্তমান নাম তাহেরা তাসনিম। তাঁদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। ২০১৫ সালের ডিসেম্বরে স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে নাঙ্গলকোটের বাড়িতে হাজির হন তিনি। অন্য ধর্মের মেয়ে বিয়ে করার কারণে তাঁর বাবা তাঁদের প্রত্যাখ্যান করেন। পরে তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে নাঙ্গলকোট পৌরসভার হরিপুর এলাকায় ফুফুর বাড়িতে যান। চলতি বছরের মার্চ মাসে রশিদুনের পরিবার বিষয়টি মেনে নিলে স্ত্রী-সন্তান নিয়ে তিনি নিজের বাড়িতে থাকতে শুরু করেন।
রশিদুনের স্ত্রীর দাবি, কোনো জঙ্গিগোষ্ঠীর সঙ্গে তাঁর স্বামীর যোগাযোগ ছিল না। সংসারের খরচ জোগাতে যেখানে হিমশিম খেতে হয়, সেখানে অন্য কিছু করার কোনো সুযোগ নেই।
নাঙ্গলকোট থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন বলেন, নাঙ্গলকোটে দুজন জঙ্গির নামের তালিকা পাওয়া যায়। এর মধ্যে একজন রশিদুন নবী। আরেকজনের বাড়ি গোহারুয়া এলাকায়। তালিকা প্রকাশের পর দীর্ঘ সময় তাদের খোঁজ করা হয়েছে।
আর জিডি না নেওয়ার বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব বলেন, ‘কেন জিডি নেওয়া হয়নি, তা আমি বলতে পারব না।’ তখন তাঁর কর্মস্থল এটা ছিল না বলে উল্লেখ করেন তিনি।
গত ৬ এপ্রিল রাতে পুরান ঢাকার সূত্রাপুর থানাধীন একরামপুর মোড়ে ঋষিকেশ দাশ রোডে দুর্বৃত্তরা কুপিয়ে ও গুলি করে নাজিম উদ্দিনকে হত্যা করে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সন্ধ্যাকালীন কোর্সে স্নাতকোত্তর করছিলেন। নাজিম উদ্দিন সিলেট গণজাগরণ মঞ্চের কর্মী ছিলেন।