থাইল্যান্ডের শংখলা প্রদেশের গহিন জঙ্গলে মানব পাচারকারীদের ঘাঁটিতে ও ট্রলারে নারীদের ওপর যৌন নির্যাতন চালানো হতো। কোনো পুরুষ এর প্রতিবাদ করলে তাঁর ওপর চালানো হতো নির্যাতন।
সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়া মোহাম্মদ শাকের (১৫) এ কথা জানায়। গত এপ্রিলে সে বিমানযোগে দেশে ফিরে আসে। তার বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের ধুমপ্রাংবিল গ্রামে। সে টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
গতকাল শনিবার শাকের জানায়, ২০১৪ সালের ৪ ডিসেম্বর কাটাবুনিয়া গ্রামের দালাল গুরা মিয়া মালয়েশিয়ায় ভালো চাকরির প্রলোভন দেখিয়ে তাকে টেকনাফের শাহপরীর দ্বীপে নিয়ে যায়। রাতে ওই দালাল তাকে ধলু হোসেনের (গত শুক্রবার পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত) বাড়িতে নিয়ে যায়। তারপর ধলু হোসেন সাতজন নারীসহ ৩৭ জনের সঙ্গে তাকে একটি কাঠের ট্রলারে তুলে দেয়। পরে তাদের একটি বড় ট্রলারে তুলে দেওয়া হয়। সেই ট্রলারেও ছিলেন ১৫ জন নারী। সব মিলিয়ে ট্রলারে তোলা হয় তিন শতাধিক যাত্রীকে। নারীদের ছোট্ট একটি কক্ষে এবং পুরুষদের ট্রলারের ভেতরে গাদাগাদি করে রাখা হয়।
শাকের জানায়, ট্রলারে নারীদের ওপর যৌন নির্যাতন চালানো হতো। রাতে নারীদের কক্ষ থেকে চিৎকারের শব্দ ভেসে আসত। কিন্তু দালালদের ভয়ে কেউ প্রতিবাদ করত না।
শাকের জানায়, ১১ ডিসেম্বর সন্ধ্যায় তাদের বহনকারী ট্রলার থাইল্যান্ডের একটি পাহাড়ঘেরা দ্বীপের কাছে থামে। তারপর সেখানকার দালালেরা তাদের জঙ্গলের ভেতরে নিয়ে যায়। সেখানে ছিল বাঁশ ও কাঠের তৈরি গুদামের মতো ১২টি লম্বা ঘর। দুটি ঘরে আগে থেকেই চার শতাধিক যাত্রী ছিল। একটি ঘরে ৫০ জনের মতো নারীকে কান্নাকাটি করতে দেখে সে। তাদের সঙ্গে যাওয়া ২২ জন নারীকে আলাদা একটি ঘরে রাখা হয়। সে সহ তিন শতাধিক পুরুষ যাত্রীকে রাখা হয় পাশের দুটি ঘরে।
শাকেরের ভাষ্যমতে, ওই ঘাঁটিতে মুক্তিপণের জন্য গভীর রাতে দালালেরা নারীদের ওপর নির্যাতন চালাত। সে জানায়, ২৭ ডিসেম্বর ১ লাখ ৮০ হাজার টাকা দেওয়ার পর দালালেরা তাকে মালয়েশিয়ায় পৌঁছে দেয়। এরপর সে সেখানকার একটি কারখানায় ৩৩ দিন কাজ করে। একদিন শহরে গেলে পুলিশ তাকে ধরে কারাগারে পাঠায়। প্রায় দুই মাস কারাভোগের পর গত ১৯ এপ্রিল সে বিমানযোগে দেশে
ফিরে আসে।