নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম সরকারি কলেজের বিজ্ঞান ভবন এলাকা থেকে ১৩ জনকে আটক করা হয়েছে। ‘গোপন’ বৈঠক করতে নগরের বিভিন্ন এলাকা থেকে গতকাল রোববার ছাত্রশিবিরের নেতা-কর্মীরা সেখানে জড়ো হয়েছিলেন বলে পুলিশ বলছে। তবে যাঁদের আটক করা হয়েছে, তাঁরা সবাই কলেজের ছাত্র কি না, তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ।
অভিযানে থাকা পুলিশের কয়েকজন সদস্য জানিয়েছেন, শিবিরের তিনজন নেতা গোপন বৈঠকে অংশ নিতে এসেছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা পালিয়ে যান।
এর আগে গত ১৮ মার্চ চট্টগ্রাম সরকারি কলেজ ও সরকারি হাজী মুহম্মদ মুহসীন কলেজে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও বিস্ফোরকসহ ৮১ জনকে আটক করেছিল পুলিশ। এর মধ্যে চট্টগ্রাম সরকারি কলেজের সোহরাওয়ার্দী ছাত্রাবাসের পাশে মাটির নিচ থেকে একে ২২ রাইফেল, একটি থ্রি নট থ্রি বন্দুক, তিনটি পিস্তল, তিনটি সিঙ্গেল ব্যারেল বন্দুক, একটি দোনলা বন্দুকসহ গুলি উদ্ধার করে।
গতকাল যাঁদের আটক করা হয়েছে তাঁরা হলেন মো. ইমরান, মো. দিদার, মো. মিনহাজ, মো. শাহরিয়ার, মো. হাবিব, আবদুল হালিম, আবুল কাশেম, মইন উদ্দিন, মো. ইলিয়াছ, বেলাল উদ্দিন, এনামুল হক, মাহমুদুল হাছান ও আরিফুল হাছান।
জানতে চাইলে চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ জেসমিন আক্তার গত রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘কলেজের মসজিদের ছাদ ও আশপাশের এলাকা থেকে পুলিশ কয়েকজনকে আটক করেছে শুনেছি। অভিযানের বিষয়ে কলেজ কর্তৃপক্ষকে কিছু জানানো হয়নি।’ আটক হওয়া শিক্ষার্থীরা কলেজের ছাত্র কি না, সে বিষয়ে নিশ্চিত করে তিনি কিছু বলতে পারেননি।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার গতকাল সন্ধ্যায় কলেজ প্রাঙ্গণে প্রথম আলোকে বলেন, নাশকতার পরিকল্পনা করতে শিবিরের নেতা-কর্মীরা চট্টগ্রাম কলেজে গোপন বৈঠক করছেন এমন তথ্যের ভিত্তিতে পুলিশ গতকাল বিকেল পাঁচটা থেকে অভিযান শুরু করে। এর আগে বিকেল ৪টা থেকে সাদা পোশাকে নগর গোয়েন্দা ও চকবাজার থানার পুলিশ চট্টগ্রাম কলেজের দুটি ছাত্রাবাস ও চারটি প্রবেশ ফটকে অবস্থান নেয়। গোপন বৈঠক করতে শিবির কর্মীরা বিজ্ঞান ভবনের বিপরীতে মসজিদের তৃতীয় তলার ছাদে অবস্থান নেয়। পরে মসজিদের ছাদ, বিজ্ঞান ভবনের পাশের শেরে বাংলা ছাত্রাবাস ও আশপাশের এলাকা থেকে ২০ জনকে আটক করা হয়। তাদের মধ্যে সাতজনকে ছেড়ে দেওয়া হয়। বাকি ১৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য চকবাজার থানায় পাঠানো হয়েছে। যাচাই-বাছাই করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আটক হওয়া ১৩ জনকে পুলিশের গাড়িতে তোলার সময় সাংবাদিকেরা তাঁদের বক্তব্য জানতে চাইলে কেউ কিছু বলতে চাননি।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ গত রাত আটটায় প্রথম আলোকে বলেন, আটক ১৩ জনকে থানায় রাখা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সাতকানিয়ায় শিবিরের ১৯ নেতা-কর্মী গ্রেপ্তার: নাশকতার পরিকল্পনার অভিযোগে চট্টগ্রামের সাতকানিয়া থেকে ছাত্রশিবিরের ১৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে উপজেলার কেরানীহাট এলাকার একটি কিন্ডারগার্টেন (কেজি) স্কুল এবং উপজেলা শিবিরের কার্যালয় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। স্কুলের পাশে শিবিরের কার্যালয়। এ সময় বিভিন্ন উসকানিমূলক বই, ব্যানার, সরকারবিরোধী প্রচারপত্র ও পোস্টার উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ১৯ জন সাতকানিয়া এবং আশপাশের উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র। তাঁদের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী, বোয়ালখালী, চন্দনাইশ, কক্সবাজারের চকরিয়া ও রাঙামাটির নানিয়ারচর উপজেলায়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার প্রথম আলোকে বলেন, শনিবার রাতে কেরানীহাটের একটি কেজি স্কুল ও শিবির কার্যালয়ে গোপন বৈঠক করার সময় তাঁদের গ্রেপ্তার করা হয়। বৈঠকে তাঁরা নাশকতার পরিকল্পনা করছিলেন। তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এ কে এম এমরান ভূঞা প্রথম আলোকে বলেন, নাশকতা সৃষ্টির জন্য জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা বিভিন্ন সামাজিক সংগঠন, প্রশিক্ষণকেন্দ্র ও কোচিং সেন্টারের আড়ালে নিজেদের সংগঠিত করার চেষ্টা চালাচ্ছেন।