'নাশকতায় জড়িত ইউপি চেয়ারম্যানদের বিরুদ্ধে ব্যবস্থা'
চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেছেন, জনগণের জানমাল রক্ষা করা জনপ্রতিনিধিদের দায়িত্ব। নাশকতাকারীকে প্রশ্রয় দেওয়া জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নাশকতায় জড়িত থাকার অভিযোগে মিরসরাই উপজেলা চেয়ারম্যান নুরুল আমিনকে বরখাস্ত করা হয়েছে। ইউনিয়ন পরিষদের যেসব চেয়ারম্যানের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গতকাল রোববার দুপুরে চট্টগ্রামের মিরসরাই উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলাবিষয়ক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ইয়াসমিন শাহীন, বারইয়ারহাট পৌরসভার মেয়র তাহের ভূঁইয়া, মিরসরাই পৌরসভার মেয়র এম শাহজাহান প্রমুখ।
সভা শেষে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন মিরসরাই থানা, উপজেলা ভূমি অফিস, মিরসরাই বালিকা উচ্চবিদ্যালয়, মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন।