'নিখোঁজের' সাত মাস পর শিশু উদ্ধার
ঢাকা থেকে ‘নিখোঁজ’ হওয়ার সাত মাস পর পটুয়াখালীর গলাচিপা উপজেলার ছোট চরকাজল গ্রাম থেকে গত শনিবার বিকেলে অপু রানী (৯) নামের এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। শিশুটিকে গতকাল রোববার গলাচিপা জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, চরকাজল ইউনিয়নের ছোট চরকাজল গ্রামের মৃত মাখম হাওলাদারের মেয়ে অপুকে গত ২৪ জানুয়ারি ঢাকায় এক আত্মীয়র বাসায় গৃহপরিচারিকার কাজের জন্য দেওয়া হয়। এর পর থেকে পরিবারের লোকজন শিশুটির কোনো খোঁজ পাচ্ছিলেন না। এ ঘটনায় শিশুটির মা অরুণা রাণী গত ১৭ জুলাই পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে একটি মামলা করেন। মামলায় পাচার, খুন ও লাশ গুমের অভিযোগ করা হয়। আদালতের নির্দেশে গলাচিপা থানার পুলিশ মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করে উদ্ধারে অভিযান শুরু করে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানান, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।