'নিখোঁজ' জামায়াত নেতা আটক, বিস্ফোরক উদ্ধার
ঝিনাইদহ জেলা জামায়াতের নায়েবে আমির ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদকে (৬৫) সাতক্ষীরার আগোরদাড়ি আবেদেরহাট গ্রাম থেকে গত বৃহস্পতিবার মধ্যরাতে আটক করেছে পুলিশ। ১৬ দিন ধরে তিনি ‘নিখোঁজ’ ছিলেন।
পুলিশ জানিয়েছে, আটকের পর নূর মোহাম্মদের দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে ঝিনাইদহ শহরের দিশারী প্রি-ক্যাডেট স্কুল থেকে ১৫টি বোমা, ৪৬ কেজি বিস্ফোরক ও জিহাদি বইপত্র উদ্ধার করা হয়েছে।
নূর মোহাম্মদের ছেলে মোজাহিদুল ইসলামের অভিযোগ, তাঁর বাবাকে গত ২ মার্চ দুপুরে শহরের হাটের রাস্তা এলাকা থেকে কয়েকজন লোক ডিবি পুলিশের পরিচয় দিয়ে তুলে নিয়ে গিয়েছিল। ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান বলেন, নূর মোহাম্মদকে থানাহাজতে রাখা হয়েছে।
শিবিরের নেতা নিখোঁজ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রাম থেকে আবুজার গেফারীনামের এক যুবককে গতকাল থেকে পাওয়া যাচ্ছে না। তিনি ছাত্র শিবিরের কালীগঞ্জ পৌর শাখার সভাপতি।