'নিখোঁজ' হওয়ার ১০০ দিন পরে 'গ্রেপ্তার' ছাত্রদল নেতা আনিসুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবারের দাবি, রাজধানীর কলাবাগান থেকে গত ৭ মার্চ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ধারীরা ছাত্রদলের নেতা আনিসুর রহমান তালুকদারকে ‘গ্রেপ্তার’ করে নিয়ে যান। এই ‘গ্রেপ্তারের’ নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ওই রাতেই বিবৃতি দিয়েছিলেন বিএনপির তৎকালীন মুখপাত্র সালাহ উদ্দিন আহমদ। স্বামীর ‘খোঁজ নেই’ উল্লেখ করে আনিসুরের স্ত্রী আদাবর থানায় জিডিও করেছিলেন। নিখোঁজের ১০০ দিন পরে সেই আনিসুরকেই গত সোমবার ফরিদপুর থেকে পেট্রলবোমাসহ গ্রেপ্তারের দাবি করেছে র‌্যাব-৮।
পরিবারের সদস্যরা জানান, ছাত্রদলের নেতা হিসেবে গ্রেপ্তার হতে পারেন আশঙ্কায় এ বছরের শুরু থেকেই তিনি গা ঢাকা দিয়ে ছিলেন। গত ৭ মার্চ রাতে আদাবরের ভাড়া বাসায় এলে সেখান থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়দানকারীরা আনিসুরকে ধরে নিয়ে যান। এরপর তাঁর স্ত্রী শাহ ইশরাত আজমেরী আদাবর থানায় একটি জিডিও করেন। তবে গতকাল মঙ্গলবার আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী রুহুল ইমাম এ বিষয়ে প্রথম আলোকে বলেন, তাঁর স্ত্রী এসে নিজের হাতে লিখে দিয়েছিলেন তাঁর স্বামী মাঝরাতে রাগারাগি করে ঘর থেকে বের হয়ে যান। এরপর থেকে তাঁর কোনো খোঁজ নেই। পুলিশও এ বিষয়ে বেশি দূর এগোতে পারেনি।
আনিসুরের নিখোঁজের পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একাধিকবার তাঁর বক্তব্যে আনিসুরের ‘গুম’ হয়ে যাওয়ার শঙ্কাও ব্যক্ত করেন। পরিবারের সদস্যরাও দলের বাইরে সরকারের বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যান। শেষ পর্যন্ত গত রোববার রাত তিনটার দিকে ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের মহাসড়কের একটি রেস্তোঁরা থেকে আনিসুরসহ তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে দাবি র‌্যাবের। তাঁদের কাছ থেকে ১৫টি পেট্রলবোমা ও ২৫টি ককটেল উদ্ধারের দাবিও করা হয়।
র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান গতকাল প্রথম আলোকে বলেন, এঁরা সবাই জ্বালাও-পোড়াওয়ে জড়িত ছিলেন। তাঁদের দীর্ঘদিন ধরেই খুঁজছিল র‌্যাব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এড়াতে এঁরা গা ঢাকা দিয়েছিলেন। এ রকম অপকর্ম করে গা ঢাকা দেওয়ার পরে তাঁদের পরিবারের লোকেরা এ রকমই বলেন। এখন পরিস্থিতি বুঝে আবারও নাশকতার প্রস্তুতি নেওয়ার সময় র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন।
তবে এ নিয়ে আনিসুরের পরিবারের সদস্যদের কেউ কথা বলতে রাজি হননি।