'নিখোঁজ' ব্যাংক কর্মকর্তা ছিলেন আত্মগোপনে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী থেকে নিখোঁজ হওয়ার ১৯ মাস পর এক ব্যাংক কর্মকর্তাকে গত সোমবার মাদারীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, ওই কর্মকর্তা চাকরি দেওয়ার নাম করে অনেকের কাছ থেকে টাকা আত্মসাৎ করে আত্মগোপনে ছিলেন।
ওই ব্যাংক কর্মকর্তার নাম জসিম উদ্দিন। তিনি বেসরকারি ব্যাংক ইউসিবিএলের গাজীপুর জেলার কালীগঞ্জ শাখায় চাকরি করতেন। তাঁর বাড়ি বরগুনা জেলার বেতাগী উপজেলার উত্তর বেতাগী গ্রামে।
পুলিশ জানায়, গাজীপুরে বদলি হওয়ার আগে জসিম রাজবাড়ী শাখায় চাকরি করতেন। এ সুবাদে স্থানীয় বাসিন্দা মনোজ শিকদারের সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। জসিম ২০১৪ সালের ১৬ ডিসেম্বর বরিশালের বোনের বাড়ি থেকে চার লাখ টাকা ও একটি মুঠোফোন নিয়ে মোটরসাইকেলে করে বের হন। ওই দিন তিনি রাজবাড়ী পৌর শহরের বিনোদপুরে মনোজদের বাড়িতে যান। পরদিন থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ২২ ডিসেম্বর অপহরণের অভিযোগে মনোজকে পুলিশ গ্রেপ্তার করে।
রাজবাড়ীর পুলিশ সুপার জিহাদুল কবির বলেন, ব্যাংক কর্মকর্তা জসিম চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নেন। এরপর তিনি ভারতে গিয়ে আত্মগোপন করেন। পরে তিনি দেশে এসে মাদারীপুরের একটি প্রতিষ্ঠানে চাকরি নেন। জেলার চরমুগুরিয়া এলাকা থেকে গতকাল সকাল ১০টার দিকে জসিমকে গ্রেপ্তার করা হয়। তিনি এখন থানাহাজতে।