'নিখোঁজ'দের নিয়ে প্রতারণা, অর্থ আদায়
‘নিখোঁজ’ ব্যক্তিকে অসুস্থ বা রক্তাক্ত অবস্থায় পেয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে, চিকিৎসার জন্য টাকা প্রয়োজন—মুঠোফোনে এমন তথ্য দিয়ে প্রতারণার ঘটনা ঘটছে।
রাজধানী ও রাজধানীর বাইরে এমন তিনটি ঘটনা পর্যালোচনা করে দেখা যায়, প্রতারক চক্র ভুক্তভোগী পরিবারের বিশ্বাস অর্জনের জন্য নিজেদের পুলিশ, চিকিৎসক কিংবা সেনা কর্মকর্তা পরিচয় দেয়। আবার অনেক ক্ষেত্রে তারা থানায় ফোন করে পুলিশকে তাদের মুঠোফোন নম্বর দিয়ে ভুক্তভোগী পরিবারকে যোগাযোগ করার জন্যও বলে। পুলিশ পরিবারকে ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করার জন্য বলে। এতে ভুক্তভোগীরা নির্দ্বিধায় প্রতারকের চাহিদামতো টাকা পাঠিয়ে দেন।
তবে পরে ঘটনাগুলো প্রতারণা বলে জানা গেলেও এর সঙ্গে জড়িত লোকজনকে ধরতে পুলিশের কোনো তৎপরতার উদাহরণ অন্তত এ ঘটনাগুলোর ক্ষেত্রে পাওয়া যায়নি।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, কেউ এভাবে ফোন করে ‘নিখোঁজ’ ব্যক্তির সন্ধান পাওয়ার কথা বললে ভুক্তভোগী পরিবারের উচিত সঙ্গে সঙ্গে তা নিকটস্থ থানার পুলিশকে জানানো। সবাইকে এ ধরনের প্রতারক চক্র থেকে সতর্ক থাকতে হবে।
তিনটি ঘটনা: গত ১৬ আগস্ট কোচিংয়ের উদ্দেশ্যে রাজধানীর মিরপুরের মধ্য পীরেরবাগের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় রাফসান বিন মহসীন ওরফে রিফাত নামের সপ্তম শ্রেণির এক ছাত্র। পত্রিকায় নিখোঁজ বিজ্ঞপ্তি দেওয়ার পর তাতে ব্যবহার করা ফোন নম্বরে পুলিশ পরিচয়ে একজন ফোন করে জানান, রাফসানকে রক্তাক্ত অবস্থায় দিনাজপুরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ২০ হাজার টাকা দরকার। পরিবার ‘বিকাশ’-এর মাধ্যমে ওই ব্যক্তির কাছে টাকা পাঠিয়ে দেয়। কিন্তু পরে ওই ব্যক্তির মুঠোফোনের নম্বর বন্ধ পাওয়া যায়।
কিন্তু ২০ আগস্ট কক্সবাজারে একটি চায়ের দোকানে রাফসানকে বসে চা খেতে দেখেন স্থানীয় দুই যুবক। তাঁরা পত্রিকায় দেওয়া নিখোঁজ বিজ্ঞপ্তির সূত্রে তাকে চিনতে পারেন এবং রাফসানের পরিবারকে খবর দেন।
রাফসানের পরিবারের এক সদস্য জানান, রাফসান রাগ করে বাসা থেকে বের হয়ে গিয়েছিল।
কিন্তু খোঁজ পাওয়ার আগে দিনাজপুরের পার্বতীপুর এলাকা থেকে একজন নিজেকে কনস্টেবল রহিম পরিচয় দিয়ে তাঁদের কাছে দাবি করেছিলেন, রক্তাক্ত অবস্থায় রাফসানকে উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তি নিজেকে মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ারের লোক বলে পরিচয় দেন।
রাফসান নিখোঁজ হওয়ার পর তার পরিবার মিরপুর থানায় যে সাধারণ ডায়েরি (জিডি) করেছিল, তার তদন্ত কর্মকর্তা এসআই আনোয়ার। জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, পত্রিকায় ছাপা বিজ্ঞপ্তিতে জিডি নম্বর ছিল। ওই নম্বর দিয়ে প্রতারক চক্র থানায় ফোন করে আমার নামটি জেনে নিয়েছে। তিনি জানান, প্রতারকের ব্যবহৃত ও বিকাশ অ্যাকাউন্টে থাকা মুঠোফোন নম্বরের সর্বশেষ অবস্থান ছিল চট্টগ্রাম। প্রতারকদের ধরার চেষ্টা চলছে।
একইভাবে ধরাছোঁয়ার বাইরে ‘নিখোঁজ’ হওয়া শামীন মাহফুজের সন্ধানদাতা পরিচয়ে টাকা হাতিয়ে নেওয়া আরেক প্রতারক। নওগাঁর বাসিন্দা শামীন থাকতেন কক্সবাজারের চকরিয়ায়। ২০১১ সালে বান্দরবান থেকে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। জামিন নেওয়ার পর চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি বান্দরবানের আদালতে হাজিরা দিতে গিয়ে নিখোঁজ হন তিনি। চকরিয়া থানায় এ নিয়ে একটি জিডি করেন তাঁর স্ত্রী।
কিছুদিন পর চকরিয়া থানার এসআই কাজী ময়নাল নিখোঁজ ব্যক্তির পরিবারকে ফোন করে জানান, সার্জেন্ট মুস্তাফিজুর রহমান নামের এক ব্যক্তি থানায় ফোন করে জানিয়েছেন, শামীনকে রক্তাক্ত অবস্থায় বগুড়ায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। তিনি মুস্তাফিজের নম্বরটিও দেন। ওই নম্বরে ফোন করলে মুস্তাফিজ পরিচয় দেওয়া ব্যক্তি জানান, সিএমএইচে কর্নেল তৌহিদুল ইসলামের অধীনে চিকিৎসাধীন আছেন শামীন। চিকিৎসার জন্য টাকা দরকার। পরিবার প্রথম দফায় বিকাশের মাধ্যমে ছয় হাজার টাকা পাঠায়। ওই ব্যক্তি পরে আবার ফোন করে আরও ১০ হাজার টাকা পাঠাতে বললেন। নিখোঁজ শামীনের বড় ভাই বলেন, তিনি হাসপাতালে আসছেন, সেখানেই টাকা দেবেন। এর পর থেকে কথিত মুস্তাফিজের মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যায়।
যোগাযোগ করা হলে চকরিয়া থানার এসআই কাজী ময়নাল প্রথম আলোকে বলেন, ‘সার্জেন্ট মুস্তাফিজুর নামের ওই ব্যক্তি আমাদের কন্ট্রোল রুমে (নিয়ন্ত্রণ কক্ষ) ফোন করেছিলেন। সেখান থেকে আমাকে নম্বরটি দেওয়া হয়েছে। এখন তো দেখছি, এটা একটা প্রতারণা।’
বগুড়ার সিএমএইচে যোগাযোগ করা হলে সেখান থেকে জানানো হয়, কর্নেল তৌহিদুল নামে তাদের কোনো চিকিৎসক নেই।
সর্বশেষ খবর হচ্ছে, গত ৩০ জুলাই সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে জঙ্গি তৎপরতার অভিযোগে শামীনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শামীন বর্তমানে কারাগারে। তবে ধামাচাপা পড়ে গেছে তাঁকে নিয়ে প্রতারণার বিষয়টি।
গত বছরের ১৬ নভেম্বর রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় অষ্টম শ্রেণির এক ছাত্রী। এ ঘটনায় পরিবার মুঠোফোন নম্বরসহ একটি জাতীয় দৈনিকে ‘নিখোঁজ বিজ্ঞপ্তি’ দেয়। পরিবার জানায়, এর পর থেকে অচেনা লোকজন ফোন করে ‘আপনাদের মেয়েকে পাওয়া গেছে, অবস্থা খারাপ, হাসপাতালে ভর্তি করা হয়েছে’ ইত্যাদি বলে বিকাশের মাধ্যমে চিকিৎসা খরচের টাকা পাঠাতে বলছে। সন্দেহ হওয়ায় পরিবার টাকা পাঠায়নি।
তবে ওই ছাত্রীর খোঁজ এখনো মেলেনি। ক্যান্টনমেন্ট থানার পুলিশ বলছে, এটা প্রেমঘটিত কোনো ঘটনা বলে তারা ধারণা করছে।
যোগাযোগ করা হলে আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক নূর খান প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের অনেক অভিযোগ আমাদের কাছেও এসেছে। আসলে প্রতারকেরা এ ধরনের সংবাদের খোঁজে নিয়মিত পত্রপত্রিকা দেখে। কিন্তু তাদের ধরতে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান কোনো তৎপরতার খবর আমরা পাইনি। অথচ বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া উচিত।’