'নিজাম হাজারীর অনুসারীদের' গাড়িবহরে তল্লাশি, অস্ত্রসহ আটক ২৪
ফেনী-২ আসনের সরকারদলীয় সাংসদ নিজাম উদ্দিন হাজারীর অনুসারীদের গাড়িবহরে তল্লাশি চালিয়ে ১১টি অস্ত্রসহ ২৪ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে চারটি শটগান, পাঁচটি পিস্তল ও দুটি এলজি।
আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফেনীর লালপুল এলাকায় অস্ত্রসহ ২৪ জনকে আটকের ঘটনা ঘটে। র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে নিজাম হাজারী প্রথম আলোকে বলেন, ‘সেখানে আমি যাইনি। আমার গাড়ির বহর থেকে কোনো অস্ত্র উদ্ধার হয়নি। যা শুনেছেন তা ভুয়া।’
আমাদের ফেনী প্রতিনিধি জানিয়েছেন, ওই ২৪ জনের আটকের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ ফেনীর বিভিন্ন জায়গায় অবরোধ করা হয়েছে।
স্থানীয় সূত্রগুলো বলেছে, গত ২ জুন বিকেলে সোনাগাজীতে যুবলীগ কর্মী আজিজুল নিহত হন। ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ শনিবার সোনাগাজীতে প্রতিবাদ সমাবেশ ছিল। সমাবেশে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সাংসদ রহিম উল্লাহর গ্রেপ্তার দাবিতে কুশপুতুল দাহ করা হয়। সমাবেশ শেষে সোনাগাজী থেকে ফেনী ফিরছিলেন নিজাম হাজারীর অনুসারীরা। লালপুল নামক স্থানে আসার পর র্যাব তাঁদের পাঁচটি মাইক্রোবাস আটক করে।
দলীয় নেতা কর্মীদের আটকের প্রতিবাদে নিজাম হাজারীর অনুসারীরা রাত আটটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের বিভিন্ন স্থানে; ফেনী-নোয়াখালী সড়কের দাগনভূঞা ও ফেনী-সোনাগাজী সড়কের বিভিন্ন স্থানে অবরোধ করেন। এরপর থেকে এই তিন সড়কে সব যান চলাচল বন্ধ রয়েছে।