'নিরপরাধ' ব্যক্তিকে মামলায় জড়ানোর অভিযোগ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার একটি মামলায় ‘নিরপরাধ’ এক ব্যক্তির বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া অপরাধ না করলেও ফেনীর দাগনভূঞা থানার পুলিশ ওই ব্যক্তিকে একটি মামলার আসামি করেছে বলেও অভিযোগ উঠেছে। তবে পুলিশ নিরপরাধ কারও বিরুদ্ধে মামলা করার অভিযোগ অস্বীকার করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ২০১৩ সালের ১৮ সেপ্টেম্বর জামায়াতের ডাকা হরতালে দাগনভূঞা-বসুরহাট সড়কের কোম্পানীগঞ্জ উপজেলার তালেরচারা এলাকায় একটি অটোরিকশায় ইট নিক্ষেপ করা হলে মাথায় আঘাত পেয়ে আবু নাছের নামের এক যাত্রী মারা যান। এ ঘটনায় ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় অনেককে আসামি করে মামলা হয়।
পুলিশ সূত্র জানায়, মামলায় ২৩ নম্বর আসামি করা হয় মৃত আবু বক্করের ছেলে মো. রফিককে (২৫)। ঠিকানা উল্লেখ করা হয়, দাগনভূঞা উপজেলার দক্ষিণ চানপুর জমাদার বাড়ি। ২৪ নম্বর আসামি করা হয় মৃত নুর ইসলামের ছেলে রফিককে (৩৪)। ঠিকানা উল্লেখ করা হয়, ফেনীর দাগনভূঞা উপজেলার দক্ষিণ আলীপুর দারোগা বাড়ি।
২৩ নম্বর আসামিকে না পেয়ে বাবার নামের সঙ্গে মিল থাকায় দাগনভূঞার দক্ষিণ চণ্ডীপুর গ্রামের রফিক উদ্দিন আহম্মদকে (৪৬) ওই মামলায় অভিযোগপত্রভুক্ত করা হয় বলে অভিযোগ উঠেছে। অভিযোগপত্রে রফিক উদ্দিনের বয়স উল্লেখ করা হয়েছে ৩৮ বছর। গ্রামের নাম বলা হয়েছে পশ্চিম চণ্ডীপুর। অথচ রফিক উদ্দিন আহম্মদের বাড়ি দক্ষিণ চণ্ডীপুরে।
মামলার এজাহারে উল্লেখ করা আসামি মো. রফিকের বয়স ২৫ বছর অথচ এজাহারভুক্ত আসামি রফিক উদ্দিনের বয়স ৪৬ বছর। এমনকি তাঁর বড় ছেলের বয়সও ২৬ বছর।
ঘটনা দুটির সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে রফিক উদ্দিন আহম্মদ বলেন, তাঁর বড় ভাইয়ের ছেলেকে জাল ভিসায় বিদেশ নেওয়াকে কেন্দ্র করে আদম ব্যবসায়ীদের সঙ্গে তাঁদের বিরোধ দেখা দেয়। এ ঘটনায় চট্টগ্রাম বন্দর থানায় একটি মামলা ও দাগনভূঞা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। মামলায় তিনি সাক্ষী হয়েছেন। তিনি বলেন, মামলার সাক্ষী হওয়ার কারণে আদম ব্যবসায়ীদের ষড়যন্ত্রে তাঁকে মামলার আসামি করা হয়েছে। তিনি বলেন, রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও তাঁকে জামায়াতের কর্মী ও পিকেটার বানানোর চেষ্টা চলছে।
তবে কোম্পানীগঞ্জ থানার ওসি সাজেদুর রহমান বলেন, অভিযোগপত্র সঠিক না হওয়ার কারণ নেই।
এদিকে বিএনপি-জামায়াতের অবরোধ চলাকালে গত ২১ জানুয়ারি দাগনভূঞার দুধমুখা বাজার এলাকায় একটি অটোরিকশা পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় করা মামলায় রফিক উদ্দিন আহম্মদকে আসামি করা হয়। তাকে গ্রেপ্তারও করা হয়। ২ মাস ২৮ দিন কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান।
রফিক উদ্দিন পেশায় প্যাথলজি টেকনিশিয়ান। তাঁর স্ত্রী নিলুফা আক্তার এয়াকুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নারী সদস্য।
দাগনভূঞা থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আনোয়ারুল আজিম বলেন, তিনি খোঁজ নিয়ে জানতে পেরেছেন ৭৩ নম্বর আসামি রফিক উদ্দিন আহম্মদ জামায়াতের রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। তবে তিনি কোনো পদে আছেন কি না, তা তিনি জানেন না। তিনি বলেন, বিষয়টি আরও খতিয়ে দেখা হবে।
অভিযোগ প্রসঙ্গে মো. আনোয়ারুল আজিম বলেন, আদম ব্যবসায়ীর সঙ্গে যোগসাজশের অভিযোগ সঠিক নয়।
এয়াকুবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সুরুজ ভূঁঞা বলেন, রফিক উদ্দিনকে এলাকায় কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত থাকতে দেখেননি তিনি।
এয়াকুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবদুস ছাত্তার আমিন বলেন, দুধমুখা বাজার এলাকায় যে অটোরিকশাটি পোড়ানো হয়েছে সেটির মালিক তাঁর ভাই। এ ঘটনায় তাঁর ভাতিজা (অটোরিকশার চালক) আহত হয়েছেন। কিন্তু মামলা করার সময় পুলিশ তাঁদের কাছে কিছুই জানতে চায়নি। তাদের খেয়ালখুশিমতো আসামি করা হয়েছে। তিনি বলেন, তাঁর জানামতে রফিক উদ্দিন আহম্মদ রাজনীতি করেন না।