'নির্বাচনী খরচ' না দেওয়ায় হামলা
নারায়ণগঞ্জ সদর উপজেলার একটি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানায় হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে কারখানার মালিকসহ তিনজন আহত হয়েছেন। স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের জন্য চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণে এ হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।
উপজেলার দেলপাড়া এলাকায় এক্সজোটিভ নিট অ্যাপারেলস গার্মেন্টসে গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
কারখানার ব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, নারায়ণগঞ্জ সদরের কুতুবপুর ইউপিতে ২৩ এপ্রিল নির্বাচন হয়। তার কয়েক দিন আগে ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী জাহাঙ্গীর হোসেন ও তাঁর ছোট ভাই জামান এ কারখানায় আসেন। এ সময় তাঁরা নির্বাচনী খরচ বাবদ এক লাখ টাকা ও ২০০ গেঞ্জি দাবি করেন। কিন্তু তা দিতে অস্বীকৃতি জানালে দুজন ক্ষিপ্ত হয়ে চলে যান। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে জামানের নেতৃত্বে ১৫-২০ জনের একদল সন্ত্রাসী লাঠিসোঁটা ও আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে কারখানায় আসে। একপর্যায়ে তারা কারখানার দারোয়ান ইব্রাহিম ও শহীদুলকে পিটিয়ে আহত করে ভেতরে ঢুকে পড়ে। হামলাকারীরা ভেতরে থাকা তৈরি পোশাক বিভিন্ন স্থানে ছিটিয়ে ফেলে দেয় এবং বেশ কিছু গেঞ্জি লুট করে। মালিক এমরান হোসেন নিজ কার্যালয় থেকে বেরিয়ে এসে প্রতিবাদ জানানোর চেষ্টা করেন। এ সময় তাঁকে বেদম পিটুনি দিয়ে টেনেহিঁচড়ে কারখানার বাইরে নিয়ে যায় হামলাকারীরা। এরপর দুটি ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।
খবর পেয়ে র্যা ব ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।