'নীল নদ' ঘোলা করে অবৈধ কয়লার কারবার

শীতকালের শুরুতে নদীর জল নীল দেখায়। এ সময় নীল জলরাশির খেলা দেখতে পর্যটকদের ভিড় বাড়ে। স্থানীয়ভাবে এ নদীর পরিচিতি সিলেটের ‘নীল নদ’ নামে। তবে নদীটির আসল নাম সারী। সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখালে ‘নীল নদ’ খ্যাত এই সারী নদীর উৎসমুখ খোঁড়াখুঁড়ি করে অবৈধ কয়লা উত্তোলন শুরু হয়েছে। এতে নদীর নীল জলরাশি বিবর্ণ আকার ধারণ করছে।
স্থানীয় ব্যক্তিরা জানান, সিলেটের অন্যতম একটি সীমান্ত নদী সারী। ভারতের মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা এ নদীর উৎসমুখের একটি হচ্ছে লালাখাল। বাংলাদেশ-ভারত সীমান্তের ১৩০০ নম্বর পিলার অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছে সারী নদী। এ নদীর পারে এই লালাখাল পর্যটকদের প্রিয় স্থান। আর প্রাকৃতিক এই সৌন্দর্য নষ্ট করেই সেখানে অবৈধ কয়লা উত্তোলন চলছে।

সম্প্রতি লালাখালে গিয়ে দেখা গেছে, নদীর তীর থেকে ভেতর পর্যন্ত তিন থেকে পাঁচ ফুট খুঁড়ে বের করা হচ্ছে কয়লার স্তূপ। নদীতীরে বসেই পরে তা মাপজোখ শেষে বস্তাবন্দী করে কেনাবেচা চলছে। কয়লার কারবারিরা পরে তা ট্রাকে করে নিয়ে যাচ্ছেন গন্তব্যে। লালাখালে নদীর সীমান্তবর্তী প্রায় এক কিলোমিটার অংশ দখল করে এই বেচাকেনা চলছে।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) সূত্র জানায়, নদী ও নদীর পরিবেশ রক্ষায় উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। এবারের শীত মৌসুম সামনে রেখে গত ১৯ ফেব্রুয়ারি উচ্চ আদালত নদীতে কয়লা উত্তোলন থেকে শুরু করে কোনো ধরনের কার্যক্রম করা যাবে না বলে স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেছেন। উচ্চ আদালতের এ নির্দেশনা স্থানীয় প্রশাসন কার্যকর করছে না।