'নীল নয়নার' আত্মহত্যার কারণ খুঁজে পাচ্ছে না কেউ
ডাক্তারি পড়তে মালদ্বীপ থেকে রাজশাহীতে আসা ‘নীল নয়না’ রাউধা আথিফের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তবে মৃত্যুর তিন দিনেও তাঁর আত্মহত্যার কোনো কারণ খুঁজে পায়নি পুলিশ। পরিবারও এ বিষয়ে কিছু জানাতে পারেনি।
গত বুধবার রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের মহিলা হোস্টেল থেকে রাউধা আথিফের লাশ উদ্ধার করা হয়। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ।
রাজশাহী নগরের শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ‘আমরা রাউধার পরিবারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছিলাম। শুক্রবার সকালে লাশ দেখে পরিবারের সদস্যরা সম্মতি দেওয়ায় তাঁর ময়নাতদন্ত করা হয়।’
রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ আনোয়ার হাবিব জানান, ময়নাতদন্তের জন্য ডা. মনসুর রহমানকে প্রধান করে তিন সদস্যের মেডিকেল বোর্ড রাউধার ময়নাতদন্ত করে। ময়নাতদন্ত শেষে ডা. মনসুর রহমান বলেন, ‘তাঁর শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ভিসেরা পরীক্ষা এবং ধর্ষণের আলামত পরীক্ষার জন্য আমরা নমুনা সংগ্রহ করেছি। ভিসেরা রিপোর্ট পেতে সময় লাগবে। তবে দু-এক দিনের মধ্যে আমরা একটা রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে জমা দেব।’
রাজশাহী মহানগর পুলিশের মতিহার জোনের সহকারী কমিশনার সুশান্ত কুমার গতকাল বলেন, ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
এর আগে রাউধার লাশ নিতে বৃহস্পতিবার দুপুরে রাজশাহী আসে ঢাকায় নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত আইশাদ শান শাকিরের নেতৃত্বে দূতাবাসের একটি প্রতিনিধিদল। তাঁদের সঙ্গে ছিলেন রাউধা আথিফের মা ও ভাই। পরে রাতে রাউধার বাবা মোহাম্মদ আথিফ রাজশাহীতে পৌঁছান। সাংবাদিকেরা গত দুদিন রাউধার পরিবারের সঙ্গে কথা বলার জন্য যোগাযোগের চেষ্টা করলেও তাঁরা সাড়া দেননি।
রাজশাহী মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (পূর্ব) আমীর জাফর বলেন, ‘আত্মহত্যার বিষয়ে পরিবারের লোকজন পরিষ্কার করে আমাদের কাছে তেমন কিছু বলেনি। তবে পুলিশ আসার আগেই লাশ নামিয়ে ফেলা নিয়ে একবার আপত্তি তুলেছিল পরিবারের লোকজন।’
এদিকে রাউধার মৃত্যুর কারণ অনুসন্ধানে গত বৃহস্পতিবার পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। কলেজের প্রশাসনিক কর্মকর্তা আবদুল আজিজ রিয়াদ জানান, কলেজের উপাধ্যক্ষ ডা. আবদুল মুকিত সরকারকে প্রধান করে গঠিত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।