'নেটওয়ার্কের বাইরে চলে যাচ্ছি'
সন্ত্রাসীদের দাবি করা চাঁদা দিতে পারেননি আবদুল মমিন ওরফে জুয়েল (২১)। তাই সন্ত্রাসীরা সকালে তাঁকে মেস থেকে তুলে নিয়ে মারধর করে। টাকা জোগাড় করে রাখতে মমিনকে শাসিয়ে যায় সন্ত্রাসীরা। পরে নিজ কক্ষে আত্মহত্যা করেন মমিন।
গতকাল সোমবার ফেনী সদর হাসপাতাল মোড়ের রোকেয়া মঞ্জিলের চতুর্থ তলার একটি কক্ষে আত্মহত্যার এ ঘটনা ঘটে।
আবদুল মমিন বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং বিভাগের ষষ্ঠ পর্বের শিক্ষার্থী। কলেজের পাশে মেসে থাকতেন তিনি।
সূত্র জানায়, আত্মহত্যার আগে আবদুল মমিন ফেসবুকে লিখে যান, ‘আমি নেটওয়ার্কের বাইরে চলে যাচ্ছি। বাঁচতে দিল না টাকা...’। এরপর তাঁর বন্ধুরা ছুটে গিয়ে দেখেন, ভেতর থেকে কক্ষের দরজা বন্ধ। পরে তাঁরা জানালা দিয়ে মমিনকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠায়। দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
আবদুল মমিনের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের খাজুরিয়া গ্রামে। তিন ভাই চার বোনের মধ্যে তিনি সবার ছোট।
মমিনের একাধিক সহপাঠী বলেন, ওই এলাকায় ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট, ফেনী কম্পিউটার ইনস্টিটিউট ও ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কয়েক হাজার শিক্ষার্থী লেখাপড়া করেন। তাঁদের অনেকে প্রতিষ্ঠানের আশপাশে মেস ভাড়া করে থাকেন। একদল সন্ত্রাসী প্রতিনিয়ত শিক্ষার্থীদের মুঠোফোন ও টাকা ছিনতাই ও চাঁদা আদায় করে। চাঁদা না দিলে শিক্ষার্থীদের মারধরসহ নানাভাবে নাজেহাল করা হয়। সন্ত্রাসীদের ভয়ে কেউ মুখ খোলেন না। তাঁরা সব সময় নিরাপত্তাহীনতায় ভোগেন।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ বলেন, মারধরের অপমান সইতে না পেরে ওই ছাত্র আত্মহত্যা করেছেন। এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত থানায় মামলা হয়নি। তিনি বলেন, সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।