'নেশাগ্রস্ত' ব্যক্তির হাতে জিম্মি দম্পতি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের আবদুল হামিদ সিকদারপাড়া গ্রামে এক ‘নেশাগ্রস্ত’ ব্যক্তির হাতে জিম্মি বৃদ্ধ দম্পতিকে ১৩ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। এ সময় ওই ব্যক্তির ধারালো অস্ত্রের আঘাতে পুলিশের তিন সদস্য আহত হন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, মাজার আছে শুনে জেয়ারতের উদ্দেশ্যে গত সোমবার সকালে পেকুয়া সদর ইউনিয়নের মাতবরপাড়ার ফজল আহমদ ওরফে ফজু (৬৫) ও তাঁর স্ত্রী নুর বানু (৫৮) আবদুল হামিদ সিকদারপাড়ায় যান। মাজারের খোঁজ জানতে তাঁরা ওই এলাকার মোসলেম উদ্দিন ওরফে হায়দারের (৪৩) খামারবাড়িতে ঢোকেন। এ সময় তাঁদের কথাবার্তা সন্দেহজনক হওয়ায় মোসলেম উদ্দিন বেলা ১১টার দিকে ওই দম্পতিকে নিজ বাড়ির উঠানে গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে মোসলেম তাঁর স্ত্রী তসলিমা বেগমকে অভিযোগ করতে থানায় পাঠান। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিকেল পাঁচটার দিকে পুলিশ ঘটনাস্থলে আসে। কিন্তু মোসলেম উদ্দিন পুলিশ দেখে ক্ষুব্ধ হন। এ সময় তিনি তাঁর স্ত্রী, শ্যালক এবং বৃদ্ধ ফজল ও তাঁর স্ত্রী নুর বানুকে নিয়ে ঘরের ভেতরে ঢুকে যান। এরপর মোসলেম ঘরের দরজা-জানালা বন্ধ করে দিয়ে হুমকি দেন, কেউ ঘরের ভেতরে ঢুকতে চাইলে জিম্মি করে রাখা লোকজনকে হত্যা করা হবে। খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে যান পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফুর রশিদ খান ও কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল-চকরিয়া) মো. মাসুদ আলম।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভুঁইয়া প্রথম আলোকে বলেন, মোসলেম জিম্মি ব্যক্তিদের ছাড়ছিলেন না। পরে রাত ১১টা থেকে এক ঘণ্টা অভিযান চালিয়ে জিম্মিদশা থেকে ফজল ও তাঁর স্ত্রী নুর বানুকে উদ্ধার করা হয়। অভিযানের সময় মোসলেমের দায়ের কোপে পুলিশের তিন সদস্য গুরুতর আহত হন। তিনি জানান, এ ঘটনায় মোসলেম উদ্দিন, তাঁর স্ত্রী তসলিমা বেগম ও শ্যালক মো. রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, আহত ব্যক্তিরা হলেন পেকুয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নাসির উদ্দিন এবং কনস্টেবল তাজুল ইসলাম ও সাইদুজ্জামান। তাঁদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মোসলেম উদ্দিনের কয়েকজন আত্মীয় বলেন, মোসলেম উদ্দিন ১০ থেকে ১২ বছর ধরে নেশা করেন। নেশাগ্রস্ত হওয়ায় তিনি এ কাণ্ড ঘটিয়ে থাকতে পারেন।
ওসি মোস্তাফিজ বলেন, মোসলেম উদ্দিন নেশাগ্রস্ত ছিলেন কি না, পরীক্ষা করা ছাড়া তা বলা সম্ভব নয়। তবে স্থানীয় লোকজন জানিয়েছেন, তিনি সারা দিন নেশায় বুঁদ হয়ে থাকতেন।
এএসপি মো. মাসুদ আলম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অপহরণ, সরকারি কাজে বাধা, হত্যার উদ্দেশ্যে সরকারি কর্মচারীদের ওপর হামলার অভিযোগে এসআই বিপুল চন্দ্র রায় মামলা করেছেন। গ্রেপ্তার ব্যক্তিদের গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।