'ন্যাড়া মা-মেয়েকে কে বাসা ভাড়া দেবে?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিত মা-মেয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। ছবি: প্রথম আলো
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিত মা-মেয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। ছবি: প্রথম আলো

ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে হাসপাতালে চিকিৎসাধীন বগুড়ার নির্যাতিত সেই ছাত্রী ও তার মা। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মা-মেয়ের শরীরের ক্ষত সেরে উঠছে, কিন্তু বাড়ছে হাসপাতাল থেকে শহরের ভাড়া বাসায় ফেরা নিয়ে আতঙ্ক।

হাসপাতালের একটি কেবিনে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন মেয়েটি আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলে, সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। পুরোপুরি সুস্থ হলে হাসপাতাল থেকে তাকে বাসায় ফিরতে হবে। কিন্তু শহরের যে এলাকায় তাদের ভাড়া বাসা, কাছাকাছি এলাকায় মামলার প্রধান আসামি তুফান সরকার ও নারী কাউন্সিলর মার্জিয়া আকতারেরও বাসা। হাসপাতালে পুলিশ থাকলেও পরে পুলিশ থাকবে না—এ নিয়ে তার ভয়-আতঙ্ক লাগছে। আবার সরকারি সেফহোমে গেলে ১৮ বছরের আগে সেখান থেকে বের হতে পারবে না। তাতে তার কলেজে ভর্তি হওয়া হবে না। সব মিলিয়ে সে এখন আতঙ্কিত।

মেয়েটি প্রশ্ন করল, ‘ন্যাড়া মা-মেয়েকে কে বাসা ভাড়া দেবে?’ এরপর নিজেই বলল, ‘মা-মেয়ে মিলে ঢাকায় গিয়ে আপাতত কোথাও উঠব। সেখানে কলেজে ভর্তির চেষ্টা করব। অর্থের কারণে সেটা সম্ভব না হলে হাসপাতাল থেকেই সরাসরি কোনো বেসরকারি সেফহোম বা পুনর্বাসন কেন্দ্রে ফিরব।’

মেয়েটির মা বলেন, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তুফানের এলাকায় ভাড়া বাসায় ফিরতে হবে। ভয় লাগছে। এর সঙ্গে যোগ করলেন, ‘মা-মেয়ে দুজনের মাথা ন্যাড়া। আমাদের ওপর নির্যাতনের কথা এখন সারা দেশের মানুষ জেনে গেছে। আমাদের এখন সামাজিকভাবে সবাই অন্য দৃষ্টিতে দেখবে। মাথা ন্যাড়া করা মা-মেয়েকে কেউ বাসা ভাড়া দিতে চাইবে না। মেয়েকে নিয়েই যত চিন্তা। ওকে ঢাকায় পাঠিয়ে আমি বগুড়া শহরেই থাকব।’

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান আবদুল মোত্তালেব হোসেন বলেন, মা-মেয়ে দুজনই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। পুরোপুরি সুস্থ হতে আরও কিছুটা সময় লাগবে।

ছাত্রী ধর্ষণের মামলায় গ্রেপ্তার তুফান সরকার (বামে) ও তাঁর সহযোগীরা। ছবি: প্রথম আলো
ছাত্রী ধর্ষণের মামলায় গ্রেপ্তার তুফান সরকার (বামে) ও তাঁর সহযোগীরা। ছবি: প্রথম আলো

তুফানের স্ত্রী-শাশুড়িকে রিমান্ডে চায় পুলিশ
ছাত্রী ধর্ষণ এবং পরে মা-মেয়েকে মাথা ন্যাড়া করে নির্যাতনের ঘটনায় দুটি মামলা হয়েছে। এর মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় ঘটনার মূল হোতা বহিষ্কৃত শ্রমিক লীগ নেতা তুফান সরকারের স্ত্রী আশা সরকার এবং শাশুড়ি রুমি বেগমের দ্বিতীয় দফায় একদিনের রিমান্ড শেষ হয়েছে। আজ বিকেলে বগুড়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম শ্যামসুন্দর রায়ের আদালতে তাদের হাজির করে তৃতীয় দফায় পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। তবে বিকেল চারটা পর্যন্ত আদালত কোনো আদেশ দেননি বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও বগুড়া সদর থানার পরিদর্শক (অপারেশন) আবুল কালাম আজাদ।

মামলার তদন্তকারী কর্মকর্তা বলেন, প্রথম দফা রিমান্ড শেষে মামলার প্রধান আসামি তুফান সরকার, স্ত্রী আশা সরকার, শাশুড়ি রুমি বেগম এবং সহযোগী মুন্নাকে একই আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তুফান সরকার ও মুন্নার দুই দিন করে এবং স্ত্রী ও শাশুড়ির এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন। কিন্তু রিমান্ডে উল্লেখযোগ্য তথ্য না দেওয়ায় তুফানের স্ত্রী আশা ও শাশুড়ি রুমি বেগমকে আদালতে হাজির করে ফের রিমান্ড আবেদন করা হয়েছে।

গত ১৭ জুলাই বিকেলে কলেজে ভর্তি-ইচ্ছুক ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বগুড়ার শহর শ্রমিক লীগের বহিষ্কৃত আহ্বায়ক তুফান সরকার। বিষয়টি ধামাচাপা দিতে তিনি ও তাঁর সহযোগীরা দলীয় ক্যাডার ও এক নারী কাউন্সিলরকে ধর্ষণের শিকার মেয়েটির পেছনে লেলিয়ে দেন। চার ঘণ্টা ধরে তাঁরা ছাত্রী ও তার মায়ের ওপর নির্যাতন চালান। এরপর দুজনেরই মাথা ন্যাড়া করে দেন। এ ঘটনায় ধর্ষণের শিকার ছাত্রীর মা বাদী হয়ে ২৮ জুলাই রাতে তুফান সরকার, তাঁর স্ত্রী আশা সরকার, আশা সরকারের বড় বোন বগুড়া পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর মার্জিয়া আকতারসহ ১০ জনের বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে দুটি মামলা করেন। এর মধ্যে এজাহারভুক্ত নয়জনসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।