'পড়বি তো পড়...'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই মধ্যবয়সী নারী জাটকা বিক্রি করতে যান একটি বাড়িতে। বাড়ির মালিক শফিউল আলম জাটকার কথা শুনে বের হয়ে আসেন ঘর থেকে। নিজেকে মৎস্য অধিদপ্তরের লোক পরিচয় দিতেই জাটকা ফেলে দুই মহিলা দৌড়ে পালিয়ে যান।
গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ কলাদী গ্রামে ঘটনাটি ঘটেছে।
মতলব দক্ষিণ উপজেলা মৎস্য অধিদপ্তরের মাঠ সহকারী শফিউল আলম জানান, দুই নারীর নাম-ঠিকানা জানা যায়নি। ফেলে যাওয়া জাটকার পরিমাণ ৩০ কেজি। পরে এগুলো মৎস্য অধিদপ্তরের উপজেলা কার্যালয়ে নিয়ে আসা হয়। তিনি আরও জানান, প্রায় প্রতিদিনই বাড়ি বাড়ি ফেরি করে জাটকা বিক্রি করছেন নারীরা।
উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার জানান, একশ্রেণির জেলে বা ফড়িয়া নারীদের দিয়ে বাড়ি বাড়ি জাটকা বিক্রি করাচ্ছেন। বিনিময়ে এঁদের কিছু টাকা দেওয়া হচ্ছে। এটি জাটকা বিক্রির নতুন কৌশল। প্রশাসনকে ফাঁকি দিতেই তাঁরা জাটকা বিক্রির এ পথ বেছে নিয়েছেন। জব্দ হওয়া এসব জাটকা দুটি এতিমখানায় দেওয়া হয়েছে।