'পরকীয়ার জেরে' পিটুনি, তিন দিন পর মৃত্যু
যশোরের চৌগাছা উপজেলার কয়ারপাড়া গ্রামে মারুফ হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে পেটানোর তিন দিন পর হাসপাতালে তিনি মারা গেছেন। পরকীয়ার জের ধরে তাঁকে পেটানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ শুক্রবার দুপুরে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারুফ মারা যান বলে নিশ্চিত করেন চিকিৎসক।
নিহত মারুফ চৌগাছা পৌর এলাকার উত্তর কয়ারপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। এ ঘটনায় তাঁর বাবা বাদী হয়ে চৌগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মামলার এজাহারে স্থানীয় আটজনকে ও অজ্ঞাত পরিচয়ের আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘পরকীয়া প্রেমের জেরে মারুফকে স্থানীয় কয়েকজন পিটিয়ে গুরুতর আহত করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের হয়েছে।’
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিবেশী এক ব্যক্তির স্ত্রীর সঙ্গে মারুফের প্রেমের সম্পর্ক ছিল। গত মঙ্গলবার রাতে মারুফ ওই নারীর বাড়িতে গেলে স্থানীয় কয়েকজন তাঁকে বেদম পিটুনি দেয়। মারুফের স্বজনেরা তাঁকে উদ্ধার করে প্রথমে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। দুদিন চিকিৎসার দেওয়ার পর গতকাল বৃহস্পতিবার হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেয়। শুক্রবার সকালে তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। দুপুরের দিকে সেখানে তিনি মারা যান।