'পরীক্ষা দিতে যাব কীভাবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কাল (আজ শনিবার) আমার পরীক্ষা। কিন্তু আমি এক পা–ও বাড়ির বাইরে ফেলতে পারছি না। কীভাবে কেন্দ্রে যাব, বুঝতে পারছি না। আমি মরতে চাই না। বাঁচতে চাই। ধর্ষণের ঘটনার বিচার দেখতে চাই।’

গতকাল শুক্রবার মুঠোফোনে কথাগুলো বলছিলেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার স্নাতক (সম্মান) শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রী। তাঁর অভিযোগ, তাঁকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করা হয়েছে। এরপর বিয়ের দাবি করায় তাঁর ভাইকে অভিযুক্ত তরুণসহ কয়েকজন পিটিয়েছে। গত মঙ্গলবার থানায় অভিযোগ দেওয়ার পর বাবা-মাসহ তাঁকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা যায়, ওই তরুণ (২৫) প্রায় দেড় বছর আগে মেয়েটিকে প্রেমের প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় তরুণ গোপনে মেয়েটির গোসলের দৃশ্য ভিডিও করেন। পরে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। ভয়ে মেয়েটি তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে তাঁকে শারীরিক সম্পর্ক গড়ে তুলতে বাধ্য করেন তরুণ। প্রায় এক বছর পর মেয়েটি বিয়ের প্রস্তাব দেন। এতে তরুণ অস্বীকৃতি জানান। সর্বশেষ গত ২৩ মে তরুণ মেয়েটিকে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনা জানালে তাঁর ভাই ওই তরুণকে বিয়ের জন্য চাপ দেন। এতে ক্ষিপ্ত হয়ে ২৮ মে ওই তরুণ মেয়েটির ভাইকে মারধর করেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। মারধরের ঘটনায় গ্রাম্য সালিস হয়। সেখানে ওই তরুণকে চার লাখ টাকা জরিমানা করা হয়।

ইউনিয়ন পরিষদের স্থানীয় এক সদস্য বলেন, মারধরের শিকার তরুণ গতকাল বাড়ি এসেছেন। তাঁর দুই হাত প্লাস্টার করে দেওয়া হয়েছে। এ ঘটনায় তরুণ জরিমানা বাবদ ১৮ হাজার টাকা তাঁর কাছে জমা দিয়েছেন। বাকি টাকা দিতে ১৫ দিনের সময় দেওয়া হয়েছে। তবে ধর্ষণের বিষয়ে তিনি কিছু জানেন না।

গতকাল দুপুরে মেয়েটি বলেন, ‘তিনি ভয়ে আত্মীয়ের বাড়িতে রয়েছেন। কিন্তু ওই তরুণ তাও জেনে ফেলেছে। আজ কীভাবে তিনি কেন্দ্রে যাবেন তা নিয়ে খুব চিন্তিত। ওই তরুণের পরিবার প্রভাবশালী। তাঁদের প্রতিনিয়ত মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে।

এ ব্যাপারে কথা বলার জন্য ওই তরুণের মুঠোফোনে কল করে সেটি বন্ধ পাওয়া গেছে।

এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, তিনি অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।