বাগেরহাটের কচুয়া উপজেলা থেকে কিশোরী পাচারের মামলার আরেক আসামিকে গত শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে র্যা ব। পুলিশ তাঁকে পলাতক বললেও ওই আসামিকে তাঁর বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া পারুল বেগম (৬০) মামলার ৫ নম্বর আসামি। বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের রহিমাবাদ গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৬-এর একটি দল। গতকাল শনিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পাত্র দেখানোর কথা বলে গত ২৭ ফেব্রুয়ারি ওই কিশোরীকে ভারতে পাচার করেন তারই চাচাতো বোনের স্বামী আল আমিন ফকির। এ ঘটনা জানার পর মেয়েটির বাবা ৮ মার্চ কচুয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে ১ এপ্রিল মানব পাচার আইনে আল আমিনসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়। ১৩ মে ভারতের উত্তরাখন্ডের রুদ্রপুর এলাকা থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়।
র্যাব-৬-এর অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার মো. মাহফুজুর রহমান জানান, মামলার অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।