'পাষণ্ড মিলন স্বপ্নটিকেই মেরে ফেলল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরের কালকিনি উপজেলার নবগ্রাম উচ্চবিদ্যালয়ের ছাত্রী নিতু মণ্ডলকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীর বিচারের দাবিতে আজ সোমবার শিক্ষাপ্রতিষ্ঠানটিতে মানববন্ধন হয়েছে। ছবি: সংগৃহীত
মাদারীপুরের কালকিনি উপজেলার নবগ্রাম উচ্চবিদ্যালয়ের ছাত্রী নিতু মণ্ডলকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীর বিচারের দাবিতে আজ সোমবার শিক্ষাপ্রতিষ্ঠানটিতে মানববন্ধন হয়েছে। ছবি: সংগৃহীত

‘আমরা গরিব মানুষ। অনেক কষ্টে মেয়েকে পড়ালেখা শেখাচ্ছিলাম। অনেক স্বপ্ন ছিল আমাদের। পাষণ্ড মিলন স্বপ্নটিকেই মেরে ফেলল। কী অপরাধ ছিল আমার মেয়ের? আমার মতো আর কারও মেয়ের জীবন যেন ঘাতকেরা কেড়ে নিতে না পারে।’

এই আক্ষেপ স্কুলছাত্রী নিতু মণ্ডলের বাবা নির্মল মণ্ডলের। মাদারীপুরের কালকিনি উপজেলার নবগ্রাম উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী নিতু মণ্ডলকে (১৪) স্কুলে যাওয়ার পথে গতকাল রোববার সকালে কুপিয়ে হত্যা করা হয়। পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী মিলন মণ্ডল নামের এক যুবককে আটক করে পিটুনি দেয়। তিনি পুলিশ পাহারায় মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

স্কুলছাত্রী নিতু মণ্ডল হত্যার প্রতিবাদে আজ সোমবার মুখর নবগ্রামের মানুষ। হত্যাকাণ্ডের প্রতিবাদ ও অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নবগ্রাম উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকেরা মানববন্ধন করেছেন। সকাল ১০টার দিকে বিদ্যালয় মাঠে এক ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।

নিতুর বাবা নির্মল মণ্ডল কালকিনির ডাসার থানায় গতকাল রাতে একটি হত্যা মামলা করেছেন। মামলায় মিলন মণ্ডলকে আসামি করা হয়েছে। ডাসার থানার পুলিশ আজ তাঁকে আদালতে পাঠাবে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড চাওয়া হবে।

মাদারীপুর সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিতুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে তার মরদেহ নেওয়া হয় প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান নবগ্রাম উচ্চবিদ্যালয়ে। সেখানে শিক্ষার্থী ও শিক্ষকেরা কান্নায় ভেঙে পড়েন। নিতুর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাঁরা। এরপর মরদেহ নেওয়া হয় নিতুর বাড়িতে। সেখানে ধর্মীয় রীতি মেনে বাড়ির উঠানের পাশে তাঁকে সমাহিত করার কথা।

নিতুর মরদেহ বাড়িতে পৌঁছানোর পর হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরিবারের সদস্যদের সঙ্গে গ্রামবাসীও কাঁদতে থাকে।

কালকিনির ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, যে ছোরা দিয়ে নিতুকে আঘাত করা হয়েছিল, পুলিশ পাশের একটি পুকুর থেকে সেটি উদ্ধার করেছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড চাওয়া হবে।