
‘আনুমানিক সকাল সাড়ে ছয়টা। আমি মঠের রান্নাঘরে কাজ করছিলাম। আর আপন মনে খালি গলায় কীর্তন গাইছিলাম। এমন সময় একটু চিৎকারের শব্দ ভেসে আসে। তখন কিছু মনে হয়নি। এরপর দ্বিতীয়বারের মতো আর্তচিৎকারের শব্দ। তখন বুঝতে পারি গুরুজির (যোগেশ্বর) কণ্ঠ। কী হয়েছে ভেবে এ সময় রান্না ঘর থেকে বের হয়ে আসি। এমন সময় দেখতে পাই দুজন ব্যক্তি। তাদের পরনে প্যান্ট ও হুডি ছিল।
‘আমাকে দেখে কিছু না বলেই তারা (দুই ব্যক্তি) কোমর থেকে পিস্তল উঁচিয়ে ভয় দেখিয়ে বলতে থাকে, আনন্দে আছিস? গান গাইস? এ কথা বলেই বুক বরাবর গুলি ছোড়ে। আমি তখন নিচু হয়ে যাই। এমন সময় আমার বাঁ হাতে দুটি গুলি লাগে। এরপরও তারা গুলি করতে থাকে। এ সময় ভাবছিলাম আমি আর বাঁচব না। কিন্তু তাদের পিস্তল থেকে গুলি আর বের হচ্ছিল না। তখন তারা পিস্তলে গুলি ভরার জন্য পকেট থেকে গুলি বের করছিল। এই ফাঁকে আমি জীবন রক্ষায় মঠের একটা দেয়াল টপকে পার হয়ে চিৎকার করতে থাকি।’
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সন্তগৌড়িয়া মঠে দুর্বৃত্তদের হামলায় নিহত পুরোহিত যোগেশ্বর রায় হত্যা ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী গুলিবিদ্ধ গোপাল রায় (৩৫)। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নম্বর অর্থোপেডিকস ওয়ার্ডে চিকিৎসাধীন। হাসপাতালের বিছানায় কাতরাতে কাতরাতে এভাবেই তিনি ঘটনার বর্ণনা দেন।
গোপাল রায় আরও বলেন, দেয়াল টপকিয়ে যাওয়ার পর পর কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনতে পাই। পরে জানতে পারি তারা তিনজন ছিল মোটরসাইকেলে। এর মধ্যে একজন মঠের বাইরে পাকা রাস্তায় মোটরসাইকেল নিয়ে অপেক্ষায় ছিল।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোস্তাফিজুর রহমান বলেন, ‘তাঁর বাঁ হাতের কনুইয়ের পাশে দুই জায়গায় ক্ষত রয়েছে। তবে গুলি পাওয়া যায়নি। আমরা রোগীর ভাষ্যমতে ব্যবস্থাপত্রে ‘‘গানশট’’ ইনজুরি বলেছি। তাঁর হাতকে রক্ষা করতে চিকিৎসা প্রদান করা হচ্ছে। আমরা এখানে দুই দিন দেখব। আর না হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হবে।’
গুলিবিদ্ধ পুরোহিতের স্ত্রী কুন্তী রানী রায় হাসপাতালে স্বামীর পাশে বসে বললেন, ‘ভগবান তাঁকে (স্বামী) বাঁচিয়েছে। এখন আপনারা স্বামীর সুস্থতার জন্য আশীর্বাদ করুন।’