'পুরা দেশটাই ধ্বংস হইয়া যাইব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা রাজনীতির মধ্যে নাই। কাজ করি, ভাত খাই। কেন তারা মীমাংসায় যায় না। এমন করতে করতে পুরো দেশটাই ধ্বংস হইয়া যাইব। যারা এ কাজ করে তাদের যেন কড়া বিচার হয়।’
কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন ঊর্মি আক্তার। যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলায় ঝলসে গেছে তাঁর স্বামী সালাউদ্দিন ভূঁইয়ার শরীর। পোড়া মুখ ফুলে গেছে, সারা শরীরে ব্যান্ডেজ। দ্রুত শ্বাস-প্রশ্বাস নিচ্ছিলেন তিনি। মাঝেমধ্যে যন্ত্রণায় কাতর। শরীরের ২৮ ভাগ পুড়ে গেছে তাঁর। পাশেই সাংবাদিকদের সঙ্গে কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন স্ত্রী ঊর্মি।
ঊর্মি বলেন, তাঁদের বাসা নারায়ণগঞ্জের আড়াইহাজারে। তাঁর স্বামী এলিফ্যান্ট রোডে একটি দোকানে চাকরি করেন। প্রতিদিন নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসা-যাওয়া করেন। মাসে পান আট হাজার টাকা। এ টাকা দিয়েই চলে স্ত্রী, দুই সন্তান, মা ও তিন ভাইয়ের ভরন-পোষণ। তাঁর এ করুণ অবস্থায় অসহায় হয়ে পড়েছে পুরো পরিবার। ঊর্মি আরও বলেন, তাঁদের বড় ছেলে আসিফ ও ছোট ছেলে আবিদ স্থানীয় একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। বাবার এমন দুর্দশার খবর পেয়ে তারা এখন শুধুই কাঁদছে।
চার ভাইয়ের মধ্যে সালাউদ্দিন সবার বড়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তাঁর শিয়রের পাশে বসে শুধু চোখের জল মুছছিলেন ছোট ভাই আলামিন। আলামিন প্রথম আলোকে বলেন, ‘এমনিতেই আমাদের কষ্টের সংসার। কিছুদিন আগে বাবা মারা গেছেন। ওই কষ্ট এখনো ভুলতে পারি নাই। তার ওপর ভাইয়ের এমন ঘটনায় আমরা সবাই দুর্বল হইয়া গেছি। পুরো পরিবারটাই নির্ভর করত এই ভাইয়ের ইনকামের ওপর।’