নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের কিল্লারহাট বাজারে হামলায় আহত স্কুলছাত্র মো. পিয়াসের (১৬) মৃত্যুর ঘটনায় মামলার পর বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন লালানগর গ্রামের পুরুষেরা। এই সুযোগে পাশের কিল্লারচর ও আইয়ুবপুর থেকে আসা সন্ত্রাসীরা ওই গ্রামের সাত-আটটি বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার কিল্লারহাট বাজারসংলগ্ন লালানগর গ্রামে ঢোকার সময় বেশ কয়েকটি বসতঘরের দরজা-জানালা বন্ধ দেখা যায়। অনেকক্ষণ ডাকাডাকির পর একটি বাড়ি থেকে ছেমনা আক্তার নামের এক নারী বের হয়ে আসেন। তিনি বলেন, চার দিন ধরে গ্রামটি পুরুষশূন্য। এই সুযোগে গ্রামে লুটপাট চালাচ্ছে বহিরাগত সন্ত্রাসীরা। তাদের হাত থেকে ঘরের হাঁড়ি-পাতিল ও গবাদিপশুও রক্ষা পায়নি।
ভিক্ষুক আমেনা খাতুন বলেন, তিনি ভিক্ষা করে সামান্য কিছু ধান পেয়েছেন। মঙ্গলবার রাতে সন্ত্রাসীরা সেই ধান লুট করে নিয়ে গেছে। একই গ্রামের আজিমা খাতুন বলেন, তাঁর ঘরের জিনিসপত্র তছনছ করে তিনটি সোনার চেইন ও তিনটি আংটি লুট করে নিয়ে গেছে সন্ত্রাসীরা।
পুলিশ জানায়, লালানগর গ্রামে হামলা-ভাঙচুর এবং গরু লুটের অভিযোগে বৃহস্পতিবার রাতে মামলা হয়েছে। এ ঘটনায় রুবেল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল সকালে কিল্লারহাট বাজারের পূর্ব দিকে হাতে গোনা কয়েকটি দোকান ছাড়া বাকি সব দোকানপাট বন্ধ দেখা যায়। ওই সময় বাজারে লোকজন ছিল না বললেই চলে। বাজারের ১৫-১৬টি দোকানের শাটার ও দরজায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বাজারের একাধিক ব্যবসায়ী বলেন, গত রোববার লালানগর ও কিল্লারচরের বাসিন্দাদের মধ্যকার পাল্টাপাল্টি হামলা চলাকালে কিল্লারচরের পক্ষে আসা বহিরাগত সন্ত্রাসীরা এসব দোকানপাটে হামলা-ভাঙচুর চালায়।
স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তার নিয়ে কিল্লারহাট বাজারসংলগ্ন লালানগর ও কিল্লারচর গ্রামের বাসিন্দাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত শনিবার স্থানীয় মাঠে ফুটবল খেলার সময় দুই গ্রামের কয়েক যুবকের মধ্যে হাতাহাতি হয়। এর জের ধরে রোববার সন্ধ্যায় কিল্লারহাট বাজারে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষ হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আইয়ুবপুর গ্রামের স্কুলছাত্র মো. পিয়াসসহ চারজন আহত হয়। পরে পিয়াস মারা যায়।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, বাজারে থানা-পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশ মোতায়েন করা হয়েছে। বুধবার ও গতকাল বৃহস্পতিবার তিনি ব্যবসায়ী ও স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি বলেন, মঙ্গলবার রাতে কয়েকটি বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশ সেখানে গিয়ে হামলাকারীদের পায়নি।
ওসি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয়, সে জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।