'পুলিশ ও প্রশাসনের' পরিচয়ে তুলে নেওয়া হলো দুই শিক্ষার্থীকে!
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে মেস থেকে পুলিশ পরিচয়ে সাদাপোশাকের লোকজন তুলে নেওয়ার ও নীলফামারীতে আরেক কলেজছাত্রকে প্রশাসনের লোক পরিচয়ে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।
রংপুরে নিখোঁজ শিক্ষার্থী হলেন আবদুল্লাহ আল মামুন। তিনি থাকতেন বিশ্ববিদ্যালয়–সংলগ্ন সর্দারপাড়া এলাকার মোসলেমীন নামের একটি আবাসিক মেসে। বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলার মহিষভাঙ্গা গ্রামে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই আবাসিক মেসের শিক্ষার্থীদের অভিযোগ, গত সোমবার ভোর সাড়ে চারটার দিকে একটি সাদা রঙের মাইক্রোবাসে করে সাদাপোশাকে পুলিশ পরিচয়ে কয়েক ব্যক্তি মেসে এসে মামুনকে খুঁজতে থাকেন। পরে মেসে ঢুকে তাঁকে আটক করে নিয়ে যান।
শিক্ষার্থী মামুন ‘নিখোঁজ’ হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহীনুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমি বিষয়টি জানার পর একাধিকবার কোতোয়ালি থানার ওসিকে ফোন দিই। তিনি বিষয়টি জানেন না বলে জানান। তবে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে বলেছেন।’
ওই ঘটনায় মামুনের ফুফাতো ভাই আক্কাস আলী রংপুর কোতোয়ালি থানায় গতকাল মঙ্গলবার দুপুরে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম কোনো ছাত্রকে মেস থেকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা অস্বীকার করে বলেন, ‘নিখোঁজের ঘটনায় একটি জিডি হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।’
এদিকে মামুনকে ফিরে পেতে গতকাল দুপুর ১২টায় ওই বিশ্ববিদ্যালয়ভিত্তিক স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘জাগ্রত নবীন’-এর ব্যানারে ক্যাম্পাসের হেয়াত মামুদ ভবনের সামনে মানববন্ধন হয়েছে।
নীলফামারীতে কলেজছাত্র অপহরণ: নীলফামারী শহরের উকিলের মোড়ের বাসিন্দা কলেজছাত্র নূরে আলমের পরিবার অভিযোগ করেছে, প্রশাসনের লোক পরিচয়ে সোমবার গভীর রাতে তাঁকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় গতকাল নূরে আলমের মা বাদী হয়ে সদর থানায় একটি জিডি করেছেন।
জিডির বক্তব্য ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার রাত দেড়টার দিকে তিনটি মাইক্রোবাস ও একটি ব্যক্তিগত গাড়িতে প্রায় ৪০ জন লোক আসেন। তাঁরা প্রশাসনের লোক পরিচয় দিয়ে ঘরে ঢুকে নূরে আলমকে ঘুম থেকে তুলে মাইক্রোবাসে করে নিয়ে যান।
নূরে আলমের মা নূরনাহার বেগম প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলে নীলফামারী সরকারি কলেজের রসায়ন বিভাগের চতুর্থ বর্ষে পড়ে। বাবা বেঁচে নেই। তাই পড়াশোনার পাশাপাশি বাসার সামনে মুঠোফোন ও ইলেকট্রনিকসের দোকান চালায়। সাদাপোশাকের লোকজন আমার ছেলেকে ধরে নিয়ে যান। পরিচয় জানতে চাইলে তাঁরা আমাকে ধমক দিয়ে বলেন, “আমরা প্রশাসনের লোক, ওকে নিয়ে যাচ্ছি, ২০ মিনিট পর রেখে যাব।” এরপর আর আমার ছেলেকে ফেরত পাইনি। পরে স্থানীয় থানা ও র্যা ব কার্যালয়ে যোগাযোগ করি। তারা এ বিষয়ে কিছু জানে না বলে জানায়।’
জিডির সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান পাশা জানান, বিষয়টির তদন্ত চলছে।
পুলিশ সুপার মো. জাকির হোসেন খান বলেন, ‘বিষয়টি জানতে আমরা বিভিন্ন জায়গায় খোঁজখবর নিচ্ছি।’