'পুলিশের গুলিতে' গৃহবধূ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ভেরুয়াখালী গ্রামে গত রোববার দিবাগত রাতে গুলিতে ফাতেমা বেগম (৩৫) নামের এক গৃহবধূ আহত হয়েছেন। ওই নারীর অভিযোগ, পুলিশের গুলিতে তিনি আহত হন।
ফাতেমা বেগম ওই এলাকার শহিদুল্লাহর স্ত্রী। তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।
ফাতেমা বেগম বলেন, গভীর রাতে পুলিশের একটি দল বাড়িতে প্রবেশ করে তাঁর স্বামীকে খুঁজতে থাকে। এ সময় পুলিশ তাঁর স্বামীকে না পেয়ে ৪০ হাজার টাকা লুটে নেয় এবং যাওয়ার সময় তাঁর বাঁ পায়ে গুলি করে।
তবে বদরখালী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুল আওয়াল বলেন, শহিদুল্লাহর ভাই আবদুল হক তিনটি ডাকাতি মামলার আসামি। তাকে গ্রেপ্তারে অভিযানে গেলে পুলিশের ওপর হামলা হয়। এতে পুলিশের দুই সদস্য আহত হন। এ সময় পুলিশ একটি ফাঁকা গুলি করে। এতে কেউ আহত হয়েছেন কি না, তা তিনি জানেন না। হামলায় আহত পুলিশ সদস্য আবদুল মতিন ও আশিকুর রহমান চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, পুলিশ কাউকে গুলি করেনি। আসামি ধরতে গেলে উল্টো পুলিশের ওপর হামলা চালানো হয়।