'পুলিশ' পরিচয়ে নেওয়া হলো, তারপর লাশ
মাগুরা সদর উপজেলার সাচানী গ্রামে মাগুরা-ঝিনাইদহ সড়কের পাশে থেকে তৈয়বুর রহমান তুরান (৩০) নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল নয়টার দিকে লাশটি উদ্ধার করা হয়। সাত দিন আগে ‘পুলিশ’ পরিচয়ে একদল লোক তাঁকে নিয়ে যায় বলে পরিবারের অভিযোগ।
নিহত তুরান ঝিনাইদহ শহরের ক্যাডেট কলেজপাড়ার আজিজুর রহমানের ছেলে। ঝিনাইদহ শহরে তাঁর একটি ওয়ার্কশপের দোকান রয়েছে। কোনো রাজনৈতিক দলের সঙ্গে তুরান যুক্ত ছিলেন না বলে দাবি তাঁর স্বজনদের।
তুরানের মামাতো ভাই আল আমিন ও স্ত্রী তানিয়া সুলতানার দাবি, গত ৩ এপ্রিল সন্ধ্যা সাতটার দিকে ‘পুলিশ’ পরিচয়ে একদল লোক ঝিনাইদহ শহরের আরাপপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তুরানকে তুলে নিয়ে যায়। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। গত ৪ এপ্রিল তানিয়া সুলতানা ঝিনাইদহ সদর থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
লাশ উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করে মাগুরা সদর থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. নাসির হোসেন প্রথম আলোকে বলেন, তুরানের কানের নিচে গুলির চিহ্ন রয়েছে। কাপড়ে মুখ বাঁধা ছিল। ময়নাতদন্তের জন্য তুরানের লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনো মামলা হয়নি।