'পৃথিবীটা যেন আমার হাতে ফিরে পেয়েছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পৃথিবীটা যেন আমার হাতে ফিরে পেয়েছি।’ হারিয়ে যাওয়া সন্তানকে কোলে নিয়ে এই এক কথাতেই যেন মনের সব অভিব্যক্তি প্রকাশ করে ফেললেন মা রুনা আক্তার। সন্তান ফিরে পাওয়ার সব আনন্দ তখন তাঁর চোখে-মুখে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ড থেকে ২১ আগস্ট ভোরে রাজধানীর মোহাম্মদপুরের জহুরী মহল্লার বাসিন্দা কাওছার হোসেন ও রুনা আক্তার দম্পতির নবজাতক যমজের একটি চুরি যায়।

এক সপ্তাহ পর গতকাল বুধবার রাতে গাজীপুর সদর উপজেলার বোর্ড বাজারের উত্তর কলমেশ্বর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে র‌্যাব। সে উপলক্ষে আজ বৃহস্পতিবার উত্তরায় র‌্যাব সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেন শিশুটির মা রুনা আক্তার ও বাবা কাওছার হোসেন।

রুনা জানান, বড় ছেলের নাম রাখা হয়েছে ইয়াসিন হোসেন। ছোটটির (উদ্ধার হওয়া) নাম রাখা হয়েছে এখলাস হোসেন। নাম দুটো তাঁরা স্বপ্নে পেয়েছেন। মা জানালেন, ‘আমার বিশ্বাস ছিল, স্বপ্নে যেহেতু দুই বাচ্চার নাম পেয়েছি, তাদের দুজনকেই কোলে পাব।’ তবে অন্য মায়েদের প্রতি আকুতি জানিয়ে তিনি বলেন, ‘আমার মতো ভুল যেন অন্য মায়েরা না করেন।’

র‌্যাবের ভাষ্য, গাজীপুর সদর উপজেলার বোর্ড বাজারের উত্তর কলমেশ্বর এলাকায় বেলি আক্তার ওরফে রহিমার (৪৫) কাছ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। রহিমার দাবি, রাশেদা খানম ওরফে পারভীন (৪৮) নামের এক ধাত্রীর কাছ থেকে শিশুটিকে নিয়েছেন তিনি। এ জন্য পারভীনকে প্রায় ৪০ হাজার টাকা দিয়েছেন। এই দুই নারীকেই গ্রেপ্তার করা হয়েছে।

সন্তান চুরির ঘটনা সম্পর্কে রুনা আক্তার বলেন, ভর্তি হওয়ার দিন থেকে রাশেদা আমার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। রাশেদা বলেছিলেন, তাঁর ভাইয়ের তিনটি বাচ্চা হয়েছে। ১৫ দিন হাসপাতালে থাকতে হবে। বাচ্চা হওয়ার পর বাচ্চা কোলে নিয়ে হাঁটাহাঁটি করতেন রাশেদা। একপর্যায়ে এক সন্তানকে চুরি করে তিনি পালিয়ে যান। শিশুটির মা রাশেদা খানমের বিচার দাবি করেছেন।

বাবা কাওছার হোসেন র‌্যাব ও গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাঁর এক ছেলেকে সাংবাদিক ও আরেক ছেলেকে র‌্যাব বানাবেন।

সংবাদ সম্মেলনে র্যাবের পক্ষে ব্রিফিং করেন গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।