'পেট্রলবোমায়' দগ্ধ ৭, যৌথ অভিযানের ঘোষণা

কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় যাত্রীবাহী একটি বাসে গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে দাহ্যপদার্থ দিয়ে দুষ্কৃতকারীরা হামলা চালিয়েছে। এতে সাতজন দগ্ধ হয়েছেন। চালকের দাবি, বাসটিতে পেট্রলবোমা ছুড়ে মারা হয়েছিল।
দগ্ধদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। জড়িতদের ধরতে যৌথ অভিযান চালানোর ঘোষণা দেওয়া হয়েছে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঁইয়ার ভাষ্য, নাশকতার লক্ষ্যে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা এই হামলা চালাতে পারে। জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার আলোচনা চলছে। এ কারণে এই হামলা হতে পারে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়ে আজ বেলা দুইটার দিকে পুলিশের এই কর্মকর্তা বলেন, হামলায় জড়িত ব্যক্তি ও তাদের মদদদাতাদের ধরতে র্যাব, বিজিবি ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করবে।
উপজেলার বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইউনিক পরিবহনের যাত্রীবাহী বাসে এই হামলা হয়। বাসটি ঢাকা থেকে রাঙামাটি যাচ্ছিল।
দগ্ধ ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। তাঁরা হলেন—রাঙামাটির অঞ্জন কুমার দে (৫০), রঞ্জিত শর্মা (৫৯), খোকন আলো চাকমা (৪৫), সুমন চন্দ্র পাল (৪০) ও গোপালগঞ্জের ইমরান (২৬)। এঁদের মধ্যে প্রথম তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে বার্ন ইউনিট সূত্র জানিয়েছে।
বার্ন ইউনিটের জাতীয় সমন্বয়কারী সামন্ত লাল সেন জানিয়েছেন, অঞ্জনের শরীরের ২৩ শতাংশ এবং রঞ্জিতের ৪৪ শতাংশ পুড়ে গেছে।
অঞ্জন বিশ্বসাহিত্য কেন্দ্রে কেন্দ্রের উপদেষ্টা। শিক্ষক রঞ্জিত রাঙামাটি সরকারি মহিলা কলেজ থেকে অবসরের আগে ছুটিতে গেছেন।

দগ্ধ বাকি দুজন নারায়ণগঞ্জের জহিরুল ইসলাম (২৫) ও তাঁর স্ত্রী লাভলি আক্তার (২১)। তাঁরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
হামলার শিকার বাসের চালক মো. সিরাজ সরদারের ভাষ্য, ইউনিক পরিবহনের বাসটি গতকাল রাত পৌনে ১০টার দিকে রাজধানীর ফকিরাপুল থেকে রাঙামাটির উদ্দেশে রওনা হয়। বাসে ৩৫ জন যাত্রী ছিলেন। দিবাগত রাত ১১টা ৫০ মিনিটের দিকে বাসটি চান্দিনা উপজেলার বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের কাছে আসে। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা বাসের বাম দিক দিয়ে পরপর দুটি পেট্রলবোমা ছুড়ে মারে। ওই সময় বাসের জানালা খোলা ছিল। বাসটি চলছিল ৭০ কিলোমিটার গতিতে। মুহূর্তের মধ্যে বাসে আগুন ধরে যায়। বাস থামালে যাত্রীরা যে যেভাবে পারেন নামেন। পরে আগুন নেভানো হয়। আগুনে সাতজন যাত্রী দগ্ধ হন। আগুনে বাসের কয়েকটি আসন পুড়ে গেছে।
কুমিল্লা জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান প্রথম আলোকে বলেন, পেট্রলবোমায় দগ্ধ হওয়া সাতজনকে প্রথমে জেলার বুড়িরচং উপজেলার ইস্টার্ন মেডিকেল কলেজে নেওয়া হয়। সেখান থেকে নেওয়া হয় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, অঞ্জন ও রঞ্জিতকে প্রথমে এবং খোকন, সুমন ও ইমরানকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। বাকি দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।