'পেট্রল' বিক্রির নামে প্রতারণা
গাইবান্ধা জেলার বিভিন্ন হাট-বাজারে অপরিশোধিত তেল ‘পেট্রল’ হিসেবে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। সিলেট গ্যাসফিল্ডের কতিপয় অসাধু কর্মচারী কম দামে এ তেল কয়েকজন ব্যবসায়ীর কাছে বিক্রি করছেন। পরে তাঁদের কাছ থেকে ওই তেল কিনে প্রতারিত হচ্ছেন ক্রেতারা। এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে ২ ডিসেম্বর লিখিত অভিযোগ দেন জেলা জ্বালানি তেল পরিবেশক সমিতি।
লিখিত অভিযোগে বলা হয়, সিলেট গ্যাসফিল্ড থেকে অপরিশোধিত তেল (কনডেনসেট) চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে (পরিশোধনাগার) পাঠানো হয়। সেখানে পরিশোধন করার পর সেগুলো যমুনা, মেঘনা ও পদ্মা অয়েল কোম্পানির মাধ্যমে বাজারজাত করা হয়ে থাকে। কিন্তু গ্যাসফিল্ডে কর্মরত কতিপয় অসাধু কর্মচারী এসব অপরিশোধিত তেল দেশের বিভিন্ন জেলায় পাচার করছেন। তাঁরা তেল ব্যবসায়ীদের কাছে প্রতি লিটার তেল ৪০-৪৫ টাকায় বিক্রি করছেন।
গাইবান্ধা পুলিশ লাইন এলাকায় অবস্থিত হাসনা ফিলিং স্টেশনের মালিক অপরিশোধিত তেল নিয়ে আসছেন বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। তাঁর লোকজন গত ২৬ নভেম্বর ধর্মপুর বাজারে অপরিশোধিত তেল বিক্রির সময় ৬০ লিটার তেল উদ্ধার করেন স্থানীয় তেল ব্যবসায়ীরা। পরে সেগুলোর মধ্যে ১৫ লিটার তেল গাইবান্ধা সদর থানার পুলিশের কাছে দেওয়া হয়। এ সময় তেল বিক্রেতা এক ফাঁকে পালিয়ে যান। বাকি তেল তাঁরা প্রমাণ হিসেবে নিজেদের কাছে রেখে দেন।
অভিযোগ অস্বীকার করে হাসনা ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী লিটু মিয়া বলেন, ‘অভিযোগকারীরাই অপরিশোধিত তেল ও পেট্রলে কেরোসিন মিশিয়ে বিক্রি করেন। ওজনেও কম দেন। তাই খুচরা তেল ব্যবসায়ী ও যানবাহনের মালিকেরা তাঁদের কাছ থেকে মুখ ফিরিয়েছেন। তাঁরা এখন আমার ফিলিং স্টেশন থেকে পেট্রল নিচ্ছেন। এতে ঈর্ষান্বিত হয়ে তাঁরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।’
জেলা জ্বালানি তেল পরিবেশক সমিতি সূত্রে জানা যায়, পাঁচ মাস ধরে সাতটি উপজেলার বিভিন্ন সড়কের পাশে গড়ে অপরিশোধিত তেল পেট্রল হিসেবে চালানো হচ্ছে। এর মধ্যে সুন্দরগঞ্জ উপজেলার ধর্মপুর, সীচা, পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা, মেরিরহাট, সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট, গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়া, কোমরপুর, রাখালবুরুজ, সাঘাটা উপজেলার কচুয়াহাট, ভরতখালি, ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া, বালাসি, গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালিসহ অর্ধশতাধিক স্থানে এ তেল বিক্রি হচ্ছে।
গাইবান্ধা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ভারপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) হাসান শহীদ সরওয়ার্দী বলেন, এ তেল ব্যবহার করলে অল্প সময়ের মধ্যে যানবাহনের ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। মোটরসাইকেলের রিং পিস্টন ও প্লাগ দুর্বল হয়ে পড়ে এবং কালো ধোঁয়া নির্গত হয়।
জেলা জ্বালানি তেল পরিবেশক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বলেন, জেলার ১৮টি ফিলিং স্টেশনে সরকারনির্ধারিত প্রতি লিটার পেট্রল ৯৬ টাকা ৪৯ পয়সায় বিক্রি হচ্ছে। অথচ ব্যবসায়ীরা এই তেল কম দামে কিনে সরকারনির্ধারিত দামে বিক্রি করছেন।
সমিতির সভাপতি ও গাইবান্ধা শহরের কাদির অ্যান্ড সন্স ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী শাহজাদা আনোয়ারুল কাদির অভিযোগ করেন, লিখিতভাবে জানানো হলেও প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি।