'প্রকৃত চালক'কে আড়াল করার চেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের মাদানীবাগ এলাকায় সড়ক দুর্ঘটনায় এক দম্পতি নিহত হওয়ার প্রতিবাদে গতকাল রোববার সমাবেশ ও মানববন্ধন হয়েছে। চৌহাট্টা এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘সিলেটের সচেতন নাগরিকবৃন্দ’ ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বক্তারা অভিযোগ করেন হত্যাকাণ্ডের জন্য দায়ী ‘প্রকৃত চালক’কে আড়াল করার চেষ্টা করছে পুলিশ।
সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম। গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আরশ আলী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগরের কমান্ডার ভবতোষ রায় বর্মণ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সিকান্দর আলী, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনার মাধ্যমে একটি পরিবারকে ‘হত্যা’ করা হয়েছে। দুর্ঘটনার সময় চালক হিসেবে ছিলেন গাড়ির মালিক মো. মিনু। তাঁকে আসামি করে মামলা করতে গেলে প্রথমে পুলিশ তা নিতে চায়নি। পরে মামলা নিলেও পুলিশ মিনুকে আড়াল করার চেষ্টা চালাচ্ছে। এক সপ্তাহের মধ্যে দোষী ব্যক্তি গ্রেপ্তার না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে সমাবেশে ঘোষণা দেওয়া হয়।
এ অভিযোগ সম্পর্কে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সী প্রথম আলোকে বলেন, ‘পুলিশের বিরুদ্ধে অযথাই অভিযোগ উত্থাপন করা হয়েছে। আমরা মামলা গ্রহণ করেছি। এখন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। বাদীপক্ষ স্বার্থান্বেষী হয়ে গাড়ির মালিকের নাম মামলায় অন্তর্ভুক্ত করেছে।’
গত মঙ্গলবার গাড়িচাপায় অটোরিকশা আরোহী অরিজিত রায় ও তাঁর স্ত্রী সুমিতা দাস নিহত হন। গুরুতর আহত অবস্থায় তাঁদের মেয়ে অরিনিমা রায় সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অরিজিত রায় সিলেটের শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোমের প্রশাসনিক কর্মকর্তা এবং তাঁর স্ত্রী দক্ষিণ সুরমার মহালক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। এ ঘটনায় নিহত অরিজিতের বড় ভাই রণজিত রায় গাড়িটির চালক মো. মিনুকে আসামি করে শনিবার মহানগরের শাহপরান থানায় মামলা দায়ের করেন।