ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় বদলি পরীক্ষার্থী (প্রক্সি) হিসেবে অংশ নেওয়ায় অভিযোগে আজ বুধবার আরেকজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির দাবি, তাঁর নাম মো. জামান।
এর আগে গত রোববার একই অভিযোগে চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ত্রিশাল থানার পুলিশ সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় কলা ভবনের একটি কক্ষে জামান পরীক্ষা দিচ্ছিলেন। কক্ষ পরিদর্শক প্রবেশপত্রের ছবির সঙ্গে তাঁর ছবির মিল না পাওয়ায় তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে তিনি প্রক্সি দেওয়ার বিষয়টি স্বীকার করেন। পরে তাঁকে ত্রিশাল থানায় সোপর্দ করে। পুলিশের কাছে তিনি দাবি করেন, তাঁর নাম জামান। তিনি দিনাজপুরে অবস্থিত হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তবে তাঁর সঙ্গে কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, আটক ব্যক্তিকে থানায় রাখা হয়েছে। তাঁকে ভ্রাম্যমাণ আদালতে তোলা হবে।