'প্রতারক চক্রের' পাঁচ সদস্য গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের পৌর এলাকায় গত সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে আটটা পর্যন্ত অভিযান চালিয়ে চার নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ভাষ্যমতে, গ্রেপ্তার করা এই পাঁচজন একটি প্রতারক চক্রের সদস্য। চক্রটি প্রেমের ফাঁদ ফেলে প্রতারণা করে আসছিল।
পুলিশ জানিয়েছে, পৌর এলাকার উদয়ন মোড়, প্রান্তিক পাড়া, রেলবস্তিসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলো শহরের চুনারীপাড়ার সীমা বেগম ও বিথী বেগম, হুরাপুর প্রান্তিকপাড়ার মিলন আলী, রেলবস্তির মিতু বেগম এবং মসজিদপাড়ার বিথী খাতুন।
এই চক্রটি ধনাঢ্য ব্যক্তি, ব্যবসায়ী ও চাকরিজীবীদের সুযোগ বুঝে মুঠোফোনে ও বিভিন্ন মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে বাড়িতে নিয়ে যায়। পরে নারীদের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলে মোটা অঙ্কের টাকা আদায় করে।
এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। এই প্রতারক চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।