সাভারে দুই ভুঁইফোড় প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ
'প্রতারকদের' সম্পদ হাতিয়ে নিচ্ছেন প্রভাবশালী ব্যক্তিরা
ঢাকার সাভারের ডাচ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি নামের ভুঁইফোড় প্রতিষ্ঠানের চেয়ারম্যান জসিম উদ্দিনের কয়েক কোটি টাকার সম্পদ হাতিয়ে নিয়েছেন প্রভাবশালী ব্যক্তিরা। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের সময় জসিম এসব কথা জানিয়েছেন বলে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সূত্র নিশ্চিত করেছে।
ডিবি সূত্র জানায়, মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মঞ্জুয়ারা আক্তার গত বৃহস্পতিবার জসিমের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করেন। ওই মামলায় ডিবি পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে তিন দিনের রিমান্ডে নেয়। রিমান্ড শেষে আজ সোমবার তাঁকে আদালতে হাজির করা হবে।
সাভারের ব্যবসায়ী আবুল কালাম গত শনিবার জসিমের বিরুদ্ধে সাভার মডেল থানায় আরও একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তাঁর কাছ থেকেও নানা প্রলোভন দেখিয়ে জসিম ৪৭ লাখ টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগে উল্লেখ করেছেন তিনি।
জসিমের বরাত দিয়ে ডিবির একাধিক কর্মকর্তা জানান, গত ১৫ দিনে এক প্রভাবশালী ব্যক্তি অস্ত্রের মুখে সুইটি নামের এক নারীকে দিয়ে সাভার পৌর এলাকার রেডিও কলোনি মহল্লায় থাকা তাঁর (জসিম) একটি ফ্ল্যাট লিখে নেন। একইভাবে শহীদুল ইসলাম নামের আরেক ব্যক্তি তাঁকে তিন কোটি টাকার জমি এক কোটি টাকায় লিখে দিতে বাধ্য করেন। এ ছাড়া সোহরাব ও রিপন নামের দুজন তাঁর কাছ থেকে ২০ লাখ টাকা আদায় করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম বলেন, জিজ্ঞাসাবাদে জসিম মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন। এসব টাকায় তিনি নিজের ও স্ত্রীর নামে বেশ কিছু সম্পদ করেছেন বলেও জানিয়েছেন।
এদিকে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে সাভারের ব্যাংক কলোনি এলাকার ভেলা মাল্টিপারপাস সোসাইটি নামের অন্য একটি ভুঁইফোড় প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাহমুদুল হাসানের কাছ থেকেও জমি লিখে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁকে গোপন স্থানে আটকে রেখে এই চেষ্টা চালানো হচ্ছে বলে জানা গেছে।
সাভারের সাব-রেজিস্ট্রার সেকেন্দার আলী বলেন, আল মোস্তাকিন নামের এক ব্যক্তি মাহমুদুল হাসানের জমির দলিল সম্পাদনের জন্য গত বুধবার তাঁর কাছে কমিশনের আবেদন করেছিলেন। উত্তর তালবাগের আবদুল আলীমসহ অন্যদের নামে ওই জমির দলিল সম্পাদন হওয়ার কথা ছিল ব্যাংক কলোনির একটি বাসায়। কমিশনে দলিল সম্পাদন করে দেওয়ার জন্য তাঁর কাছে তদবির করেছিলেন সাভারের সাংসদের এক শ্যালক।
আমিনবাজার এলাকার আরিফুল ইসলাম নামের এক ব্যক্তি বলেন, ইকবাল নামের স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি মাহমুদুল হাসানকে অজ্ঞাত স্থানে আটকে রেখে তাঁর জমি লিখে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে যাচ্ছেন। এ বিষয়ে জানতে চাইলে ভয়ে মুখ খুলতে রাজি হননি মাহমুদুল হাসানের মা শাহানুর বেগম।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেন মিয়া বলেন, ‘বিষয়টি আমাদেরও জানা। কিন্তু পরিবারের পক্ষ থেকে অভিযোগ না দেওয়ায় আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না।’
ভুঁইফোড় প্রতিষ্ঠান দুটির চেয়ারম্যানদের বিরুদ্ধে অধিক মুনাফার লোভ দেখিয়ে দুই শতাধিক কোটি টাকার আমানত সংগ্রহ করে আত্মসাতের অভিযোগ রয়েছে।