'প্রশাসন' পরিচয়ে তুলে নেওয়ার পর কলেজছাত্র নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী শহর থেকে ‘প্রশাসন’ পরিচয় দিয়ে তুলে নেওয়ার পর দুই মাস ধরে নিখোঁজ রয়েছেন নূর আলম (২৩) নামের এক কলেজছাত্র। তাঁকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তাঁর মা। গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এ আকুতি জানান।
নূর আলম নীলফামারী সরকারি কলেজের রসায়ন বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র। তাঁদের বাড়ি জেলা শহরের উকিলের মোড়ে। ওই বাড়িতেই গতকাল বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
লিখিত বক্তব্যে মা নূর নাহার বলেন, গত ১১ এপ্রিল মধ্যরাতে একদল লোক তাঁদের বাড়িতে আসে। তারা প্রশাসনের লোক পরিচয় দিয়ে নূর আলমকে জোরপূর্বক নিয়ে যায়। তিনিসহ পরিবারের সদস্যরা বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় তারা ২০ মিনিট পরেই নূর আলমকে ফিরিয়ে দেওয়ার কথা বলে। কিন্তু কয়েক ঘণ্টা পার হলেও তাঁকে ফেরত দেওয়া হয়নি। ফলে রাতেই নীলফামারী থানা ও র্যাব ক্যাম্পে যোগাযোগ করা হয়। তারা কেউই ছেলের সন্ধান দিতে পারেনি।
নূর নাহার বলেন, এ ঘটনায় পরের দিন সকালে নীলফামারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) এবং ১৪ এপ্রিল নীলফামারী মুখ্য বিচারিক হাকিম আদালতে একটি অপহরণ মামলা (নং-৩০/১৬) দায়ের করা হয়। তবে আজ (সোমবার) পর্যন্ত নূর আলমের কোনো সন্ধান মেলেনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ছেলের প্রাণভিক্ষা চেয়ে নূর নাহার বলেন, ‘আমার জানামতে, নূর আলম কোনো রাষ্ট্রদ্রোহী কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত নয়। এরপরও যদি সে কোনো অপরাধে জড়িত থাকে, তাহলে আদালতে তার বিচার হোক। কিন্তু তার আগে আমার ছেলেকে আমার কোলে ফেরতের ব্যবস্থা করে দিন, মাননীয় প্রধানমন্ত্রী।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিখোঁজ নূর আলমের ছোট ভাই কামরুল আলম, ছোট বোন ফাতেমাতুজ্জোহরা, বড় চাচা আবদুস সামাদ প্রমুখ।
নূর আলম নিখোঁজের ঘটনায় মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান পাশা। তিনি বলেন, মামলাটি বর্তমানে তদন্তাধীন। এখনো নূর আলমের খোঁজ পাওয়া যায়নি। তাঁকে পাওয়া গেলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।