নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের শ্যালক ছাত্রলীগের নেতা নূরে আলম খানের বিরুদ্ধে ‘প্রাণভয়ে’ মামলা করার সাহস পাচ্ছেন না সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) কর্মকর্তারা।
তবে গতকাল শুক্রবার ছাত্রলীগের ওই নেতার সরকারি পুকুর দখলের ঘটনার ওপর প্রথম আলোয় সংবাদ প্রকাশের পর পুকুরটির পাড়ে একটি সাইনবোর্ড টানিয়ে দায়িত্ব সেরে ফেলেছে সোনারগাঁ উপজেলা ও জেলা প্রশাসন।
গতকাল সকালে ওই সাইনবোর্ডটি টানানো হয়। পরে ঘটনাস্থলে পাহারায় বসে সোনারগাঁ থানার পুলিশ। সন্ধ্যায় পুলিশ পুকুরটি বালু দিয়ে ভরাট করার কাজে ব্যবহৃত ড্রেজারের পাইপ জব্দ করে থানায় নিয়ে যায়।
জায়গাটি সওজের হলেও ঘটনাস্থলে গতকাল সারা দিন তাদের কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। রাতে নারায়ণগঞ্জ সড়ক বিভাগের তৃতীয় শ্রেণির একজন কর্মচারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে একটি লিখিত অভিযোগ নিয়ে আসেন। তবে অভিযোগে ছাত্রলীগ নেতা নূরে আলম খানের নাম উল্লেখ নেই।
অভিযোগে নারায়ণগঞ্জ সড়ক বিভাগের সুপারভাইজার সিরাজুল হক খান উল্লেখ করেন, ‘সেনপাড়া গ্রামের সালাউদ্দিন, সাইফুল ইসলাম ও রাসেল মিয়া সওজের জায়গা অবৈধভাবে দখল করার উদ্দেশ্যে বালু ভরাট করছে, যা ভূমি আগ্রাসনের শামিল।’
নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী রসনিয়া ফাতেমা বলেন, ‘আমরা বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়েছিলাম। দখলদাররা ভয়ঙ্কর প্রকৃতির লোক। আমাদেরও প্রাণের ভয় আছে। এ কারণেই আমি তাদের নামে মামলা দিতে নিষেধ করেছি।’
নাম প্রকাশে অনিচ্ছুক সওজের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, নারায়ণগঞ্জ সড়ক বিভাগের কয়েকজন কর্মকর্তার সঙ্গে নূরে আলম খানের সখ্য থাকার কারণেই তাঁর বিরুদ্ধে সওজ মামলা করতে চাইছে না এবং দখল করা জায়গা দেখতেও কেউ যাননি।
সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন বলেন, ‘আমি নিজে তদন্ত করে নূরে আলম খানের বিরুদ্ধেই দখলের অভিযোগ পেয়েছি।’
জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা গত রাতে প্রথম আলোকে বলেন, ‘জায়গাটি সওজের, অথচ তাদের কোনো কর্মকর্তা ঘটনাস্থলে আসেননি। সরকারি সম্পদ রক্ষায় আমরা সেখানে সাইনবোর্ড টানিয়েছি। বিষয়টি তদন্ত করা হবে।’