'প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায়' ছাত্রীকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নে দশম শ্রেণির এক ছাত্রীকে কুপিয়ে আহত করেছে তাওহীদ মিয়া (২২) নামের এক তরুণ। অভিযোগ আছে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এ কাণ্ড ঘটিয়েছে ওই তরুণ। 

ঘটনার পর থেকে ওই তরুণ ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে।

ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী প্রায় দেড় ঘণ্টা কিশোরগঞ্জ-ভৈরব সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে পুলিশ এসে তাওহীদকে গ্রেপ্তারের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করে নেয়।

বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসীর ভাষ্য, দশম শ্রেণির ওই ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন একই গ্রামের তাওহীদ মিয়া। তিনি আড়াই বছর ধরে মেয়েটিকে প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। মেয়েটি এতে রাজি হচ্ছিল না। বিষয়টি তাওহীদের পরিবারকে অবহিত করা হলে এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিস বৈঠকও হয়। এতে তাওহীদ আরও বেশি ক্ষিপ্ত হয়ে ওঠেন। আজ সকাল ১০টার দিকে স্কুলে ব্যবহারিক পরীক্ষা দেওয়ার জন্য ওই শিক্ষার্থী তার সহপাঠীদের সঙ্গে বাড়ি থেকে বের হলে বাড়ির পাশেই রাস্তায় তাওহীদ ও তাঁর সহযোগী সাইফুল ইসলামসহ আরও দুই থেকে তিনজন যুবক তাদের পথরোধ করে। তাওহীদ ছাত্রীটিকে তাঁর প্রস্তাবে রাজি হতে বলে। কিন্তু ছাত্রীটি রাজি না হয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় তাওহীদ দৌড়ে গিয়ে তাঁর হাতে থাকা ধারালো বটি দিয়ে পেছন থেকে ছাত্রীর ঘাড়ে, গলায় ও হাতে এলোপাতাড়ি কোপ দেন। এতে ছাত্রীটি জখম হয়ে চিৎকার শুরু করলে তাওহীদ ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান।

স্থানীয় লোকজন ছাত্রীকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসকদের পরামর্শে আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাকির হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ওই ছাত্রীর ঘাড়ে, গলায় ও হাতে চারটি কোপ রয়েছে। বাম হাতের বাহুর কোপটি মারাত্মক। তবে তাঁর অবস্থা আশঙ্কামুক্ত।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন বলেন, এ ঘটনায় পুলিশ মামুন মিয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া অভিযুক্ত তাওহীদকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।