'প্রেমপাঠ' শেখানো সেই শিক্ষককে সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর বদলগাছি উপজেলার কোমারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে ‘প্রেমপাঠ’ শেখানো সেই শিক্ষক এনামুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বুধবার তাঁর বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম মণ্ডল বলেন, ‘তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় সহকারী শিক্ষক এনামুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছানাউল হাবিব বলেন, ‘সহকারী শিক্ষক এনামুল হককে সাময়িক বরখাস্ত করার বিষয়টি জেলা শিক্ষা কর্মকর্তা আমাকে জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার আদেশটিও হাতে পাওয়া গেছে।’
এর আগে গত রোববার প্রথম আলোয় ‘প্রাথমিক বিদ্যালয়ে “প্রেমপাঠ” শেখানোয় বাধ্যতামূলক ছুটি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শিক্ষক এনামুল হক শ্রেণিকক্ষে পাঠদান করানোর সময় প্রেম কীভাবে করতে হয়, শিক্ষার্থীদের তা শিক্ষা দিচ্ছিলেন। প্রায় দিনই তিনি শ্রেণিকক্ষে পাঠদানের সময় যৌন উত্তেজনাকর বিষয়ে মন্তব্য করতেন। ছাত্রীদের শরীরের আপত্তিকর স্থানে তিনি বেত দিয়ে আঘাত করতেন। শিক্ষার্থীরা বাড়িতে গিয়ে তাদের অভিভাবকদের এ সম্পর্কে জানিয়ে আসছিল। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকেরা গত শনিবার বিদ্যালয়ে এসে শিক্ষক এনামুল হককে শ্রেণিকক্ষে আটকে রেখে লাঞ্ছিত করেন। খবর পেয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) খাইরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এ ঘটনার পর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছানাউল হাবিব ওই শিক্ষককে বাধ্যতামূলক ছুটি দেন এবং ঘটনাটি তদন্তে দুই সদস্যে কমিটি গঠন করেন। তদন্ত কমিটির দুই সদস্য উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এ কে এম খোকন ও রুহুল আমিন রোববার ঘটনাটি তদন্ত করেন।